বাগদাদে মঙ্গলবারের হামলায় নিহতের সংখ্যা ৭০
বাগদাদের কেন্দ্রস্থলে মঙ্গলবারের আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা ৭০ জন। এর আগে এই সংখ্যা ৬০ জানানো হয়েছিল। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার নতুন এই তথ্য জানিয়ে বলেছে, ওই ঘটনায় আহত হয়েছেন ২৩৬ জন।
নগরীর তাইরান চত্বরে কাজ দেওয়ার কথা বলে দিনমজুরদের গাড়ির কাছে জড়ো করে সকাল ৭টায় ওই ভয়াবহ গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয়। ইরাক পরিস্থিতি নিয়ে জেনারেলদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের টেলিকনফারেন্সে বসার দিনটিতেই বাগদাদে আবার এই রক্তের স্রোত বয়ে গেল।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাজের প্রতিশ্রুতি দিয়ে শ্রমিকদেরকে একটি পিকআপ ট্রাকের কাছে ডেকে এনে ভেতরে বসে থাকা এক ব্যক্তি বোমা বিস্ফোরণ ঘটায়।
আগের খবরে বলা হয়, বিস্ফোরণের পরপরই সেখানে বন্দুকের গুলির আওয়াজ পাওয়া যায়। বিস্ফোরণের ঘণ্টাদেড়েক পর রাস্তার পাশে পুঁতে রাখা একটি বোমা পুলিশের টহল গাড়ির কাছে বিস্ফোরিত হয়। তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।
