২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আচেহ’র নির্বাচনে সাবেক গেরিলার জয়ের সম্ভাবনা

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের গভর্নর নির্বাচনে সাবেক গেরিলা নেতা ইরওয়ান্দি ইউসুফের জয়ের সম্ভাবনা দেখা দিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Dec 2006, 02:30 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

প্রদেশটিতে এই প্রথম সরাসরি ভোটের মাধ্যমে একজন গভর্নর ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হয় সোমবার । ভোট গ্রহণের পর বিভিন্ন কেন্দ্রে নমুনা গণনায় মঙ্গলবার ইউসুফের জয়ের সম্ভাবনার কথা বলেন বিশ্লেষকরা।

ফ্রি আচেহ মুভমেন্টের সাবেক গেরিলা মুখপাত্র এবং ২০০৫ সালে সরকারের সঙ্গে শান্তি আলোচনার মধ্যস্থতাকারী ইউসুফ ইরওয়ান্দি বলেছেন, নিজেকে বিজয়ী ঘোষণা করতে নির্বাচন কমিশনের ফলাফল ঘোষণার জন্য অপেক্ষা করবেন তিনি।

১১ ডিসেম্বর ভোটগ্রহণ শেষ হলেও জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

গভর্নরের দায়িত্ব সম্পর্কে ইউসুফ বলেন, “নির্বাচিত হলে গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করাটা হবে একটা কঠিন বিষয়। আচেহ’র জন্য অনেক কিছুই করার আছে এবং তা করতে গেলে এর অবস্থা হবে একটা বুনো ঘোড়ার মতো।”

গত তিন দশকের সহিংসতার পর ২০০৫ সালের অগাস্টে ‘ফ্রি আচেহ মুভমেন্ট’ (জিএএম) এবং সরকারের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরের পর এ নির্বাচনের সুযোগ সৃষ্টি হয়। সুমাত্রা দ্বীপের উত্তরাংশে আচেহ প্রদেশে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য আন্দোলন করে আসছিল জিএএম-সহ অন্য গোষ্ঠীগুলো।