২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইহুদি নিধনযজ্ঞ’ নিয়ে পাল্টা সম্মেলন জার্মানির

ইহুদি নিধনযজ্ঞের বিষয়টি নিয়ে তেহরান সম্মেলনের পাল্টা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে জার্মানিতে। সরকারের সহায়তায় জার্মানির ‘ফেডারেল এজেন্সি অফ সিভিক এডুকেশন’ বার্লিনে মঙ্গলবার এ সম্মেলনের আয়োজন করে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Dec 2006, 04:45 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং ইরানের একমাত্র ইহুদি এমপিসহ বিভিন্ন মানবাধিকার ও ইহুদি সংগঠন তেহরান সম্মেলনের কঠোর সমালোচনা করেছে।

বার্লিনে তেহরানের পাল্টাপাল্টি সম্মেলন আয়োজন সম্পর্কে ফেডারেল এজেন্সি অফ সিভিক এডুকেশনের টমাস ক্রুইজার বলেছেন, “আমরা বিষয়টি প্রশ্নাতীতভাবে ছেড়ে দিতে পারি না। ইহুদি নিধনযজ্ঞ সম্পর্কে এ ধরনের আয়াজন আমাদের সমাজে বিষ ছড়ানো শুরু করার আগেই এসবের পাল্টা জবাব, এসবের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট করতে হবে।”

তেহরানের ‘ইহুদি নিধনযজ্ঞ সম্মেলন’ সম্পর্কে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, “এটা অসুস্থ মানসিকতার বহিঃপ্রকাশ। ইরানের মৌলবাদী শাসকদের অন্তরের ঘৃণা যে কতোটা মারাত্মক তা প্রকাশ পেয়েছে এ আয়োজনের মধ্য দিয়ে।” মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তেহরান সম্মেলনকে ‘ন্যাক্কারজনক’ বলে অভিহিত করেছেন।

ইরানের পার্লামেন্টের একমাত্র ইহুদি এমপি মরিস মোটামেড এ ঘটনাকে ‘তীব্র অপমান’ বলে উল্লেখ করেন।

সোমবারে শুরু হওয়া দুদিনব্যাপী তেহরান সম্মেলনের নাম দেওয়া হয়েছে ‘ইহুদি নিধনযজ্ঞের পর্যালোচনা বৈশ্বিক দৃষ্টিভঙ্গি’ । বেশ কয়েকজন ইহুদি রাব্বি ও ইউরোপীয় শিক্ষাবিদ যোগ দিয়েছেন ইরান সরকার আয়োজিত এ সম্মেলনে।

সম্মেলনের স্বাগত ভাষণে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মনুশেহর মুত্তাকি বলেছেন, “ইহুদি নিধনযজ্ঞের বিষয়টি অস্বীকার করা কিংবা এর স্বীকৃতি দেওয়া এ সম্মেলনের উদ্দেশ্য নয়। এর উদ্দেশ্য হল যেসব বুদ্ধিজীবী ইহুদি নিধনযজ্ঞ নিয়ে ইউরোপে স্বাধীনভাবে কথা বলতে পারেন না তাদেরকে কথা বলার সুযোগ করে দেওয়া।”

সম্মেলনে অংশ নেওয়া ফরাসী লেখক জর্জেস থেইল বলেছেন, ইহুদি নিধনযজ্ঞ একটি সর্বৈব মিথ্যা। তিনি বলেন, ইহুদিদেরকে নির্যাতন করা হয়েছিল সেটা সত্য, তাদেরকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল সেটা সত্য কিন্তু গ্যাস চেম্বারে মৃত্যু কিংবা কনসেন্ট্রেশন ক্যাম্পে যন্ত্রের সাহায্যে মেরে ফেলার কোন ঘটনা ঘটেনি। তিনি ইহুদি নিধনযজ্ঞের বিষয়ে সংশোধনবাদী তত্ত্বের প্রচার করায় নিজদেশে ব্যাপকভাবে সমালোচিত।

সম্মেলনে অংশ নিতে আসা ব্রিটিশ রাব্বি আহরন কোহেন বলেছেন, আমরা এখানে এসেছি ইহুদি নিধনযজ্ঞের বিষয়ে অর্থডক্স ইহুদিদের দৃষ্টিভঙ্গি তুলে ধরার জন্য। আমরা অবশ্যই বলব যে, ইহুদি নিধনযজ্ঞ ঘটেছিল এবং আমরা আসলে ইহুদি নিধনযজ্ঞের মধ্যেই বসবাস করছি। কিন্তু এটা কোনভাবেই ফিলিস্তিনিদের বিরুদ্ধে অন্যায় আচরণকে বৈধতা দিতে পারে না।