যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু সহযোগিতা চুক্তিতে আরোপিত শর্তে উদ্বিগ্ন ভারত
যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক খাতে পরমাণু সহযোগিতা চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা বাড়তে থাকায় মঙ্গলবার একে বড় ধরনের পদক্ষেপ হিসেবে উল্লেখ্য করেছে ভারত। তবে ওই চুক্তির সঙ্গে মার্কিন কংগ্রেসের আরোপিত শর্তের ব্যাপারে উদ্বেগও প্রকাশ করেছে তারা।
ভারতের কাছে বেসামরিক পরমাণু প্রযুক্তি সরবরাহ প্রশ্নে শনিবার মার্কিন কংগ্রেস অনুমোদন দিলেও এর সঙ্গে বেশ কিছু শর্ত আরোপ করে।
ওই চুক্তি অনুযায়ী ভারত যদি ১৯৯৮ সালের মতো আর কোনো পরমাণু পরীক্ষা চালায় তবে মার্কিন প্রেসিডেন্ট দেশটিকে পরমাণু সরঞ্জাম সরবরাহ বন্ধ করে দিতে পারবেন।
এছাড়া ইরানকে তার পরমাণু কর্মসূচি বন্ধে আন্তর্জাতিক প্রচেষ্টার সঙ্গে ভারত পূর্ণ সহযোগিতা করছে কিনা সে সম্পর্কেও মার্কিন প্রেসিডেন্ট প্রতি বছর কংগ্রেসের কাছে প্রতিবেদন পেশ করবেন।
এসব শর্ত ভারতের সার্বভৌমত্বকে হুমকিগ্রস্ত করবে বলে অভিযোগ করছে বিরোধী দল বিজেপি ছাড়াও জোট সরকারের অন্যতম অংশীদার বামপন্থী দলগুলো।
পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জী মঙ্গলবার লোকসভায় বলেন, “আমাদের জ্বালানি নিরাপত্তার দিক থেকে ভাবলে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু প্রশ্নে সমঝোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তবে ওই চুক্তির সঙ্গে যেসব শর্ত আরোপ করা হয়েছে সে বিষয়গুলোর দিকে সরকার নজর রাখছে।”
সমালোচকরা বলছেন ওই বিলটিতে বেসামরিক পরমাণু চুল্লিগুলোতে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের ব্যাপারে কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি। এছাড়া ভারতের পরমাণু স্থাপনাগুলোতে বিদেশী পরিদর্শক আসার পাশাপাশি দেশটির ব্যবহৃত জ্বালানি পুনরুৎপাদনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং গত বছর জুলাই মাসে প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের সঙ্গে ওই চুক্তি স্বাক্ষর করেন। তবে ব্যাপক সমালোচনার মুখে এ বছর তিনি জানান, ওই চুক্তিতে বড় ধরনের কোনো সংস্কার আনা হলে তিনি তা মানবেন না।
পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জীও জানান, সরকার এখনও ওই অবস্থানেই আছে।
তিনি বলেন, “আমাদের কৌশলগত কর্মসূচিতে বিদেশী নজরদারি কিংবা হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।”
