তেহরানে ‘ইহুদি নিধনযজ্ঞ’ নিয়ে সম্মেলন
ইহুদি নিধনযজ্ঞের বিষয়টি নিয়ে সোমবার এক সম্মেলন শুরু হয়েছে তেহরানে। সম্মেলনের নাম দেওয়া হয়েছে ‘ইহুদি নিধনযজ্ঞের পর্যালোচনা বৈশ্বিক দৃষ্টিভঙ্গি।’ বেশ কয়েকজন ইহুদি রাব্বি ও ইউরোপীয় শিক্ষাবিদ যোগ দিয়েছেন ইরান সরকার আয়োজিত এ সম্মেলনে।
সম্মেলনের স্বাগত ভাষণে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মনুশেহর মুত্তাকি বলেছেন, “ইহুদি নিধনযজ্ঞের বিষয়টি অস্বীকার করা কিংবা এর স্বীকৃতি দেওয়া এ সম্মেলনের উদ্দেশ্য নয়। এর উদ্দেশ্য হল যেসব বুদ্ধিজীবী ইহুদি নিধনযজ্ঞ নিয়ে ইউরোপে স্বাধীনভাবে কথা বলতে পারেন না তাদেরকে কথা বলার সুযোগ করে দেওয়া।”
ইরান পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনীতি এবং আন্তর্জাতিক বিষয়ক ইনস্টিটিউট-দুদিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনে অনুষ্ঠেয় অন্য দুটি অধিবেশনের নাম, ‘ইহুদি নিধনযজ্ঞ: পরবর্তী ঘটনাপ্রবাহ এবং বঞ্চনা’ এবং ‘নিহতের সংখ্যা: স্বীকৃতি না অস্বীকৃতি?’
সম্মেলনে অংশ নেওয়া ফরাসী লেখক জর্জেস থেইল বলেছেন, ইহুদি নিধনযজ্ঞ একটি সর্বৈব মিথ্যা। তিনি বলেন, ইহুদিদেরকে নির্যাতন করা হয়েছিল সেটা সত্য, তাদেরকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল সেটা সত্য কিন্তু গ্যাস চেম্বারে মৃত্যু কিংবা কনসেন্ট্রেশন ক্যাম্পে যন্ত্রের সাহায্যে মেরে ফেলার কোন ঘটনা ঘটেনি। তিনি ইহুদি নিধনযজ্ঞের বিষয়ে সংশোধনবাদী তত্ত্বের প্রচার করায় নিজদেশে ব্যাপকভাবে সমালোচিত।
সম্মেলনে অংশ নিতে আসা ব্রিটিশ রাব্বি আহরন কোহেন বলেছেন, আমরা এখানে এসেছি ইহুদি নিধনযজ্ঞের বিষয়ে অর্থডক্স ইহুদিদের দৃষ্টিভঙ্গি তুলে ধরার জন্য। আমরা অবশ্যই বলব যে, ইহুদি নিধনযজ্ঞ ঘটেছিল এবং আমরা আসলে ইহুদি নিধনযজ্ঞের মধ্যেই বসবাস করছি। কিন্তু এটা কোনভাবেই ফিলিস্তিনিদের বিরুদ্ধে অন্যায় আচরণকে বৈধতা দিতে পারে না।
ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের উৎসাহেই এ সম্মেলনের আয়োজন করা হয়।
ইহুদি নিধনযজ্ঞকে ‘কল্পকাহিনী’ হিসেবে উলে¬খ করে সারা বিশ্বে সমালোচনার ঝড় তোলেন আহমাদিনেজাদ। তিনি ইসরায়েল রাষ্ট্রকে ইউরোপ কিংবা উত্তর আমেরিকায় সরিয়ে নেওয়ারও দাবি জানান। তিনি বলেন, “কিছু কিছু পশ্চিমা রাজনীতিবিদও ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার মূল ভিত্তিকে একটি ভুল হিসেবে ঘোষণা দিয়েছেন।”
আহমাদিনেজাদের মতে, এ বিষয়ে প্রশ্ন তোলার মূল লক্ষ্য হল এ সম্পর্কিত বস্তুনিষ্ঠ বিতর্ককে চাঙ্গা করা এবং ইসরায়েল রাষ্ট্র গঠনের পেছনের কারণগুলো খতিয়ে দেখা।
তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের নির্যাতিত ইহুদিরা , বিভিন্ন ইহুদি সংগঠন, মানবাধিকার সংগঠনসহ পশ্চিমা সরকারগুলো এ সম্মেলনের ব্যাপক সমালোচনা করেছে। এ বছর ইহুদি নিধনযজ্ঞের ওপর ব্যঙ্গচিত্র প্রদর্শনীর আয়োজন করেও ব্যাপক সমালোচিত হয় ইরান ।
