পিনোশের মৃত্যুতে চিলিতে শোকের পাশাপাশি উল্লাস
চিলির সাবেক একনায়ক অগুস্তো পিনোশে রোববার ৯১ বছর বয়সে মারা গেছেন। তার মৃত্যুতে একদিকে সান্তিয়াগোর রাস্তায় নেচে গেয়ে আনন্দ উৎসব করে মানুষ। হাজার হাজার পিনোশে বিরোধী বিক্ষোভকারী রাস্তায় নেমে আসে এবং সহিংসতা ছড়িয়ে পড়ে। আহত হয় ২৪ পুলিশ।
বহু বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। অন্যদিকে কিছু লোক সামরিক হাসপাতালের সামনে জড়ো হয়ে জাতীয় পতাকা হাতে জাতীয় সঙ্গীত গেয়ে শেষ শ্রদ্ধা জানায় তাদের প্রিয় নেতাকে।
১৯৭৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত সামরিক অভ্যুত্থানের মাধ্যমে চিলির ক্ষমতা দখল করেন জেনারেল পিনোশে। তৎকালীন øায়ুযুদ্ধে রুশ-মার্কিন আধিপত্যের মেরুকরণে ল্যাতিন আমেরিকার সবচেয়ে ভয়াবহ সোভিয়েত বিরোধী একনায়কে পরিণত হন তিনি। ১৯৯০ সাল পর্যন্ত তার ১৭ বছরের শাসনামলে দেশটিতে প্রায় ৩,০০০ রাজনৈতিক হত্যাকান্ড ঘটে। বহু গোপন নিপীড়ন কেন্দ্রে প্রায় ২৮,০০০ মানুষের ওপর ভয়াবহ নির্যাতন চালানো হয়।
মৃত্যুর পরও তাকে নিয়ে চিলির বিভক্তি এখনো স্পষ্ট। স্বৈরশাসনের দুঃসহ স্মৃতির কথা মনে করিয়ে দিয়ে একনায়ক পিনোশের বিরোধীরা বলছে নির্মম অত্যাচরের কথা। অন্যদিকে তার সমর্থকদের দাবি কম্যুনিজমের কবল থেকে চিলিকে রক্ষা করেছিলেন পিনোশে।
তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর প্রায় ৫,০০০ মানুষ নেমে আসে রাস্তায়। এসময় তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোঁড়ে এবং লাঠিচার্জ করে পুলিশ। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট প্যালেসের দিকে যেতে থাকলে পুলিশ তাতে বাধা দেয় এবং সংঘর্ষ ছড়িয়ে পড়ে। রোববারের বিক্ষোভে ২৪ জন পুলিশ অফিসার আহত হন এবং বহু বিক্ষোভকারীকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পিনোশের শেষকৃত্য অনুষ্ঠান নিয়ে তুমুল বিতর্ক চলছে তার সমর্থক ও বিরোধীদের মধ্যে। মধ্য বামপন্থী এবং একসময় নিজেই পিনোশের নির্যাতনের শিকার প্রেসিডেন্ট মিশেল বেশেলের সরকার একটি মাঝামাঝি অবস্থান নিয়েছে। মিলিটারি কলেজে মঙ্গলবার সামরিক মর্যাদায় তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে কিন্তু সাবেক প্রেসিডেন্ট হিসেবে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে না।
সান্তিয়াগোর সামরিক হাসপাতালে তার মৃত্যুর সময় পাশে পরিবারের সদস্যরা উপস্থিত ছিল বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক জুয়ান ইগনাসিও ভারগারা। ডায়াবেটিসের রোগী পিনোশে দীর্ঘদিন ধরেই জটিল স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। সপ্তাহখানেক আগে হার্ট অ্যাটাকের পর রোববার হঠাৎ করেই তার অবস্থার অবনতি হয়।
