গোপনে ইরাক সফরে রামসফেল্ড
যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড এখন বাগদাদে। ইরাকে অবস্থানরত মার্কিন সেনাদের সঙ্গে বিদায়ী সাক্ষাতের জন্যই তিনি অনানুষ্ঠানিক সফরে গেছেন বলে পেন্টাগন শনিবার জানিয়েছে।
রামসফেল্ডের এ সফর সম্পর্কে আগে কিছুই জানানো হয়নি। এবিসি টিভি প্রথম খবরটি ফাঁস করে। পরে পেন্টাগন তা স্বীকার করে। এ নিয়ে দায়িত্ব পালনকালে মোট ১৩ বার গোপনে ইরাক সফর করলেন রামসফেল্ড।
পেন্টাগনের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল টড ভিসিন বলেন, মূলত ইরাকে মার্কিন সেনাদের সঙ্গে সাক্ষাৎই এ সফরের উদ্দেশ্য। তিনি দেশের হয়ে ত্যাগ স্বীকার করার জন্য মার্কিন সেনাদের ধন্যবাদ জানাবেন।
সফরের বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও পেন্টাগন মুখপাত্র শুধু বলেন, যতদূর জানি এখন পর্যন্ত তিনি ইরাকেই রয়েছেন।
ইরাকে মার্কিন বাহিনীর এক মুখপাত্র রয়টার্সকে জানান, রোববার রামসফেল্ড আল আনবার প্রদেশে আল আসাদ বিমান ঘাঁটিতে যান। সেখানে সেনাদের উদ্দেশে তিনি বলেন, শত্রুদের অবশ্যই পরাভূত করতে হবে। আমরা তাদের ছেড়ে দিলেও তারা আমাদের ছাড়বে না। তাই তাদের পরাজয় না হওয়া পর্যন্ত মার্কিন বাহিনীর ইরাকে থাকা প্রয়োজন।
শুক্রবারই রামসফেল্ড পেন্টাগনে তার বিদায়ী ভাষণ দেন। ইরাক নিয়ে অব্যাহত সমালোচনার মুখে মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর রামসফেল্ড পদত্যাগ করেন। পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী হিসেবে সিনেট ইতোমধ্যেই রবার্ট গেটসের নিয়োগ অনুমোদন করেছে। ১৮ ডিসেম্বর তার শপথ নেয়ার কথা।
