ফিলিপাইনে আবার টাইফুনের ছোবল
ফিলিপাইনে রোববার আরেকটি টাইফুন আঘাত হেনেছে। দেশের মধ্যাঞ্চলে ‘উতর’ নামে এই টাইফুনের ছোবলের প্রাথমিক খবরে দুইজন নিহত হয়েছে বলে জানা গেছে।
এর আগে আলবে প্রদেশের প্রায় ৭৬ হাজার অধিবাসীকে নিরাপদ স্থানের সরিয়ে নেওয়া হয়েছে। গত সপ্তাহে এ প্রদেশেই টাইফুন দুরিয়ান আঘাত হানায় এক হাজারেরও বেশি লোক মারা গেছেন বলে ধারনা করা হচ্ছে।
ন্যাশনাল ডিজাস্টার কো অরডিনেটিং কাউন্সিল জানিয়েছে, সামার ও মাসবাত দ্বীপে ঘন্টায় ১২০ কিলোমিটার বেগে টাইফুন উতর আঘাত করায় সেখানে বিদ্যুত সরবরাহ বিচ্ছিন্ন এবং যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে।
রোববার রাজধানী ম্যানিলার ১২০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত পশ্চিমাঞ্চলীয় মিনদরো দ্বীপের অধিবাসীদেরও উচুঁ কোন নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়।
আগামী ৪৮ ঘন্টায় এ ঝড় ভিয়েতনামের উত্তরাঞ্চল, দক্ষিণ চীন ও হংকংয়েও আঘাত করতে পারে বলে আশংকা করা হচ্ছে।
এদিকে টাইফুন উতরের কারণে ডিসেম্বরের ১১-১৩ তারিখ কেবু দ্বীপে অনুষ্ঠেয় আসিয়ান ও পূর্ব এশিয়া সম্মলন জানুয়ারি মাস পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। দেশটির সরকার শুক্রবার এ ঘোষণা দেয়। উল্লেখ্য এর আগে অক্টোবরের শেষে এবং নভেম্বরের শুরুতে ফিলিপাইনে টাইফুন সিমারোন ও শেবি আঘাত হানে।
