ইরাক-সিরিয়ায় পরষ্পরের দূতাবাস চালু হচ্ছে সোমবার
কয়েক দশক ধরে বন্ধ থাকা কূটনৈতিক সম্পর্ক আবার স্থাপন করতে সোমবার নতুন করে পরষ্পরের দূতাবাস চালু করতে যাচ্ছে ইরাক ও সিরিয়া। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মোয়ালেমের সঙ্গে আলোচনার পর শনিবার একথা জানান ইরাকি রাজনীতিক আহমেদ ছালাবি।
তিন দিনের সফরে সিরিয়ায় অবস্থানরত আহমেদ ছালাবি বলেন, সিরিয়ার মন্ত্রী মোয়ালেম আমাকে জানিয়েছেন, সোমবারেই দু’ দেশের পতাকা উত্তোলন করা হবে দূতাবাসে। এরপর আগামী কয়েকদিনের মধ্যেই দু’জন রাষ্ট্রদূত বিনিময় করবে ইরাক ও সিরিয়া। ছালাবি বলেন, সীমান্ত এলাকায় ইরাকি বাহিনীর সঙ্গে যৌথটহলের বিষয়টিও বিবেচনা করে দেখছে সিরিয়া।
ইরাকে সুন্নি জঙ্গিদের অনুপ্রবেশ এবং সহায়তা দেওয়ার বিষয়ে সিরিয়াকে অভিযুক্ত করে আসছে ইরাক ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। এ বিষয়ে জানতে চাইলে ছালাবি বলেন, এ ব্যাপারে সহযোগিতা করতে এবং নিরাপত্তা তথ্য বিনিময় করতে প্রস্তুত সিরিয়া।
এছাড়াও সিরিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য শুরু করা এবং ‘পারতাউস পাইপলাইন’ দিয়ে সিরিয়ায় তেল রপ্তানি করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান ছালাবি।
