২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনিদেরকে আহমাদিনেজাদ: লড়াই চালিয়ে যান

কোনো চাপেই ইসরায়েলকে স্বীকৃতি না দিয়ে তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Dec 2006, 01:27 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

শনিবার তেহরানে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। চার দিনের সফরে ইসমাইল হানিয়া এখন ইরান রয়েছেন।

ইরানি প্রেসিডেন্ট বলেন, জেরুজালেম মুক্ত করার লড়াইয়ে ইরানের জনগণ ফিলিস্তিনের সঙ্গে আছে এবং এ সমর্থন বজায় থাকবে। তিনি ‘দখলদার’ ইসরায়েলকে কোনোভাবেই স্বীকৃতি না দেওয়ার জন্য হানিয়ার প্রতি আহ্বান জানান।

আহমাদিনেজাদ বলেন, ইসরায়েলি দখলদারিত্বের মদদদাতা আমেরিকার দিনও ফুরিয়ে আসছে। ফিলিস্তিনে মুসলমানদের প্রতিরোধ শক্তি নস্যাত করার তাদের ষড়যন্ত্রও ব্যর্থ হবে।

ফিলিস্তিনি প্রধানমন্ত্রী বলেন, ‘দখলদার’ ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার কেনো ইচ্ছা হামাস সরকারের নেই। তিনি ফিলিস্তিনের মুক্তি সংগ্রামে সমর্থনের জন্য ইরানকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ফিলিস্তিনিদের প্রতি ইরানি প্রেসিডেন্টের সাহসী সমর্থন মুসলিম বিশ্বের মর্যাদাকেই প্রতিষ্ঠিত করেছে।

রোববার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে ইসমাইল হানিয়ার বৈঠকের কথা রয়েছে।