শ্রীলংকায় সেনাবাহিনীর বিরুদ্ধে শরণার্থী শিবিরে বোমা বর্ষণের অভিযোগ
এবার শ্রীলংকার সেনাবাহিনীর বিরুদ্ধে শরণার্থী শিবিরে বোমা বর্ষণের অভিযোগ করেছে তামিল টাইগাররা।
তারা দাবি করেছে, শনিবার বাত্তিকালোয়া জেলার পামিভেদ্দুভান স্কুলের শরণার্থী শিবিরে সেনাবাহিনীর বোমাবর্ষণে চার জন নিহত ও ২০ জন আহত হয়েছে। দুই দিন আগে টাইগারদের বিরুদ্ধে একই অভিযোগ করেছিল সেনাবাহিনী।
এলটিটিই রয়টার্সকে পাঠানো এক ই মেইলে জানিয়েছে, সেনাবাহিনী শুধু ওই শরণার্থী শিবিরই নয়, পাশের আরও একটি শরণার্থী শিবিরেও বোমা বর্ষণ করে। তাতেও ১০ জন গুরুতর আহত হয়।
দুই দিন আগে সেনাবাহিনী জানিয়েছিল, শ্রীলংকার উত্তর-পূর্বাঞ্চলের একটি স্কুলে টাইগারদের বোমাবর্ষণে ছাত্র ও শিক্ষকসহ পাঁচ জন নিহত হয়।
এছাড়া ক্রিঙ্কোমালিতেও টাইগাররা বেসামরিক স্থাপনা লক্ষ করে বোমা বর্ষণ করছে।
প্রধানমন্ত্রী মহেন্দ্র রাজাপাকশে সম্প্রতি সন্ত্রাসবিরোধী একটি নতুন আইন প্রণয়নের পর থেকেই দেশটিতে সংঘাত বেড়েছে।
তামিলদের অভিযোগ, তাদের দমন করতেই আইনটি করা হয়েছে।
এরপর গত সপ্তাহে এলটিটিই নেতা ভেলুপিল্লাই প্রভাকরণ তাদের স্বাধীনতা সংগ্রাম পুনরায় শুরুর ঘোষণা দেন।
