ইহুদি নিধনযজ্ঞ নিয়ে বস্তুনিষ্ঠ বিতর্ক দরকার: আহমাদিনেজাদ
ইহুদি নিধনযজ্ঞের বিষয়টি নিয়ে এখন বস্তুনিষ্ঠ বিতর্ক করা দরকার বলে মন্তব্য করেছেন ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।
এ বিষয়ে বিতর্কের জন্য ইরানে সোমবার থেকে একটি সম্মেলন শুরু হচ্ছে। বিশ্বের ৩০টি দেশ থেকে এ বিষয়ে পণ্ডিতরা যোগ দিচ্ছেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ৬০ লাখ ইহুদিকে হত্যা করার ঘটনা সারা বিশ্বে ইহুদি নিধনযজ্ঞ হিসেবে পরিচিত।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আহমাদিনেজাদকে শনিবার উদ্ধৃত করে জানায়, “গত ৬০ বছর ধরে পশ্চিমা বিশ্ব ইহুদি নিধনযজ্ঞ নিয়ে যেসব আলোচনা করেছে তা একটি অপরাধ। কিন্তু এখন প্রচারমাধ্যমে, রাজনৈতিক অঙ্গণে ও জনসভাগুলোতে এ ঘটনা নিয়ে ব্যাপক বিতর্ক হচ্ছে।”
ইহুদি নিধনযজ্ঞকে ‘কল্পকাহিনী’ হিসেবে উল্লেখ করে সারা বিশ্বে সমালোচনার ঝড় তোলেন আহমাদিনেজাদ। তিনি ইসরায়েল রাষ্ট্রকে ইউরোপ কিংবা উত্তর আমেরিকায় সরিয়ে নেওয়ারও দাবি জানান।
তিনি বলেন, “কিছু কিছু পশ্চিমা রাজনীতিবিদও ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার মূল ভিত্তিকে একটি ভুল হিসেবে ঘোষণা দিয়েছেন।”
তার মতে, এ বিষয়ে প্রশ্ন তোলার মূল লক্ষ্য হলো এ সম্পর্কিত বস্তুনিষ্ঠ বিতর্ককে চাঙ্গা করা এবং ইসরায়েল রাষ্ট্র গঠনের পেছনের কারণগুলো খতিয়ে দেখা।
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী মানুশের মুত্তাকি ওই সম্মেলন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, সোমবার থেকে শুরু হওয়া সম্মেলনে খতিয়ে দেখা হবে নাৎসিরা সত্যি সত্যিই এসব গ্যাস চেম্বার ব্যবহার করেছিল কিনা।
তবে বিভিন্ন দেশ ও সংগঠন এ সম্মেলনের ব্যাপক সমালোচনা করেছে।
ইরান এ বছর ইহুদি নিধনযজ্ঞের ওপর ব্যঙ্গচিত্র প্রদর্শনীর আয়োজন করেও ব্যাপক সমালোচিত হয়।
