হিজবুল্লাহ অভ্যুত্থানের চেষ্টা করেছিল: সিনিওরা
লেবাননে হিজবুল্লাহ দল গত শুক্রবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটি অভ্যূত্থান ঘটানোর চেষ্টা করেছিল বলে অভিযোগ করা হয়েছে। এ অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ফুয়াদ সিনিওরা নিজেই।
এদিকে হিজবুল্লাহর প্রধান সাইদ হাসান নাসরাল্লাহ বৃহস্পতিবার তার হাজার হাজার সমর্থকের উদ্দেশে বলেন, সিনিওরার পদত্যাগ দাবির আন্দোলন থেকে তিনি সরে দাঁড়াবেন না। তিনি অভিযোগ করেন, এ বছর ইসরাইলের সাথে যুদ্ধের সময় কিছু সরকারি কর্মকর্তা গেরিলাদের বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক তৎপরতা চালানোর চেষ্টা করছিল।
নাসরাল্লাহর এ অভিযোগ অস্বীকার করে সিনিওরা টেলিভিশনে দেওয়া ভাষণে পাল্টা অভিযোগ করে বলেন, ‘আপনি বা আপনার দল আমাদের সৃষ্টিকর্তা নয়। আপনি সঠিক এবং অন্য সবকিছু ভুল-এ কথা বলার অধিকার কে দিয়েছে আপনাকে?’
প্রসঙ্গত, বিরোধী দলগুলো এক সপ্তাহের বেশি সময় ধরে সিনিওরার পদত্যাগের দাবিতে আন্দোলন করছে। তাদের এ আন্দোলন গোষ্ঠীগত দাঙ্গায় পরিণত হতে পারে বলে আশঙ্কা করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক।
বৃহস্পতিবার নাসরাল্লাহ সমাবেশে বলেন, সিনিওরা চেষ্টা করেছিলেন যাতে ইসরাইলি সেনাবাহিনীর সাথে যুদ্ধরত তার দলের গেরিলাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির সরবরাহ পথ বন্ধ করে দেয় লেবানন সেনাবাহিনী। সরকার ও সেনাবাহিনী-উভয়েই এ অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে রোববার বিশাল সমাবেশের ডাক দিয়ে নাসরাল্লাহ বলেছেন সিনিওরার জোট শিগগিরই তাদের দাবির প্রতি সাড়া না দিলে তিনি আগাম নির্বাচনের জন্য বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন।
এদিকে চলমান সংকটকে পুরোপুরি রাজনৈতিক সংকট হিসেবে অভিহিত করে লেবাননের শিয়া ধর্মীয় নেতা ফাতি ইয়াকান বলেন, ‘এই গণআন্দোলন শিয়া বা সুন্নি অথবা অন্য কোন সম্প্রদায়ের জন্য নয়। বরং এটি লেবাননের সবার আন্দোলন।’
সিনিওরার সহযোগিদের অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যা তদন্তে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠিত হয়েছে তার কাজে বিঘ্ন ঘটানোর জন্যই সিরিয়ার প্ররোচনায় হিজবুল্লাহসহ কয়েকটি দল রাজপথ উত্তপ্ত করে তোলার চেষ্টা করছে।
