বিমান ছিনতাইয়ের আশঙ্কায় ভারতে কড়া নিরাপত্তা
উড়োজাহাজ ছিনতাইয়ের আশঙ্কায় ভারতের বিমানবন্দরগুলোতে শনিবার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
দিল্লি পুলিশের জয়েন্ট কমিশনার আদিত্য আরোয়া বলেন, পাকিস্তানি জঙ্গিরা ছিনতাই করতে পারে, এ রকম গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এ ব্যবস্থা নেয়া হয়। তবে এ ধরনের যে কোনো ঘটনা প্রতিরোধে আমরা প্রস্তুত। গোয়েন্দা সংস্থার সঙ্গে পুলিশ সমন্বয় রক্ষা করে চলেছে।
পিটিআই জানায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোহাম্মদ আফজাল গুরুকে মুক্ত করার জন্য জঙ্গিরা একটি উড়োজাহাজ ছিনতাই করে বাংলাদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে বলে গোয়েন্দা সংস্থা জানতে পেরেছে।
২০০১ সালে পার্লামেন্ট ভবনে হামলার দায়ে মোহাম্মদ আফজালকে ভারতের সুপ্রিম কোর্ট গত সেপ্টেম্বর মাসে মৃত্যুদণ্ড দেয়। রায়ের প্রতিবাদে কাশ্মিরে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। মোহাম্মদ আফজাল দাবি করে আসছেন, পার্লামেন্টে হামলার ঘটনায় তিনি জড়িত ছিলেন না। সাজা মওকুফের জন্য তার স্ত্রী ইতোমধ্যেই রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের কাছে আবেদনও করেছেন।
