২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের সংঘর্ষ মধ্যপ্রাচ্য যুদ্ধে মোড় নিতে পারে: আনান

জাতিসংঘ মহাসচিব কফি আনান শুক্রবার বলেছেন, ইরাকের অবনতিশীল সংঘাত-সংঘর্ষের পরিস্থিতি একটি মধ্যপ্রাচ্য যুদ্ধের দিকে মোড় নিতে পারে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Dec 2006, 01:28 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

আনান বলেন, ক্রমে এটা স্পষ্ট হয়ে উঠছে যে, ইরাকে সহিংসতা বাড়তে থাকার সঙ্গে সঙ্গে তা শুধু ওই দেশেরই নয় বরং প্রতিবেশী দেশগুলোর ভেতরও অনেক উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে। এর ফলে ইরাকে একটি সর্বাত্মক গৃহযুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে একটি আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা অনেকটাই বাস্তব মনে হচ্ছে। নিরাপত্তা পরিষদকে দেওয়া তার চূড়ান্ত প্রতিবেদনে জাতিসংঘের বিদায়ী মহাসচিব এসব কথা বলেন।

ইরাক ইস্যুতে একটি আঞ্চলিক সংলাপের উদ্যোগ নিতে নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও চীনকে আরো কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে ওই রিপোর্টে।

একইদিন নিউ ইয়র্কে হিউম্যান রাইটস ওয়াচের একটি সম্মেলনে আনান বলেন, ইরাক প্রশ্নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পৃক্ত হওয়ার এখনই সময়। এখনই এ সমস্যার সমাধান করতে না পারলে সবাইকেই এর মূল্য দিতে হবে বলেও তিনি সতর্ক করে দেন।

জাতিসংঘ মহাসচিব বলেন, আমরা যদি ইরাক ইস্যুতে এখনই সিদ্ধান্ত নিতে না পারি, ইরাকের অখন্ডতা রক্ষা করতে না পারি এবং ইরাক যদি ভেঙ্গে পড়ে তাহলে এর প্রভাব এ অঞ্চলের বাইরেও ছড়িয়ে পড়বে। সবাইকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, তেলের দাম ৬০ ডলার না ৭০ ডলার তা নিয়েই আমরা উদ্বিগ্ন কিন্তু পরিস্থিতি খারাপ হলে তার দাম ১০০ ডলার না ১২০ ডলারে উঠবে তা নিয়ে ভাবতে হবে আমাদেরকে। এর মূল্য দিতে হবে সবাইকেই।