টাইফুনের আশঙ্কায় আসিয়ানের বার্ষিক সম্মেলন স্থগিত
ফিলিপাইনের সেবু অঞ্চলের দিকে অগ্রসরমান টাইফুন আঘাত হানতে পারে-এই সম্ভাবনায় স্থগিত করা হয়েছে রাজধানী ম্যানিলায় অনুষ্ঠেয় এশিয়ার ১৬টি দেশের শীর্ষ নেতাদের বার্ষিক আসিয়ান সম্মেলন।
শুক্রবার এ খবর দেন অ্যাসোশিয়েশন অব সাউথইস্ট এশিয়ান ন্যাশনসের (আসিয়ান) প্রশাসন বিষয়ক সহকারী মহাসচিব ডমিনগো লুসেনারিও।
অগ্রসরমান টাইফুন বা ক্রান্তীয় ঝড়টি মধ্য ফিলিপাইনে আঘাত হানতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাস থেকে জানা গেছে।
আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে, টাইফুনটি বর্তমানে উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থান করলেও শনিবার নাগাদ মধ্য ফিলিপাইনে আঘাত হানতে পারে এবং উত্তর সেবুর ওপর দিয়ে বয়ে যেতে পারে।
ফিলিপাইনের আবহাওয়া সংক্রান্ত ওয়েবসাইট www.tropicalstormrisk.com জানিয়েছে, ফিলিপাইন দ্বীপে আঘাত হানার পর আগামী সপ্তাহের দিকে দক্ষিণ চীন সাগরের ওপর ঝড়টি ঘণীভূত হয়ে টাইফুনে পরিণত হতে পারে।
ফিলিপাইনের সেবু ও সংলগ্ন মাক্তান দ্বীপে ডিসেম্বরের ১১-১৩ তারিখে অনুষ্ঠিতব্য আসিয়ানের বার্ষিক সম্মেলনে সদস্য দেশ ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনামের প্রধান এবং চীন, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার শীর্ষ নেতাদের যোগ দেওয়ার কথা ছিল।
অগ্রসরমান টাইফুনের কারণে সম্মেলনটি আপাতত স্থগিত করা হলো।
মাত্র সপ্তাহখানেক আগে টাইফুন দুরিয়ানের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল মধ্য ফিলিপাইনের কয়েকটি অঞ্চল।
