ইরাক নিয়ে নতুন আঙ্গিকে ভাববেন বুশ
ইরাক নিয়ে নতুন আঙ্গিকে ভাবার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ।
যুক্তরাষ্ট্রের ইরাক স্টাডি গ্রুপ তাদের প্রতিবেদন প্রকাশের পরদিন বৃহস্পতিবার তিনি এ ঘোষণা দেন।
বুশ বলেন, “আমি নিজেও বিশ্বাস করি ইরাক নিয়ে নতুনভাবে আমাদের ভাবার প্রয়োজন রয়েছে।”
পেন্টাগন ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে মত বিনিময়ের পর খুব শিগগিরই ইরাক নিয়ে নতুন কৌশল ঘোষণা করা হবে বলে তিনি জানান।
এ নিয়ে বুশ খুব শিগগিরই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।
তারা বলেছে, সম্ভবত ক্রিস্টমাসের আগেই প্রেসিডেন্ট এক ভাষণে বিষয়গুলো স্পষ্ট করবেন।
ইরাক স্টাডি গ্রুপের সুপারিশমালার সব বিষয়ে একমত না হলেও তা গুরুত্বের সঙ্গেই বিবেচনা করা হচ্ছে বলে মার্কিন প্রেসিডেন্ট জানান।
ওই গ্রুপের সুপারিশ অনুযায়ী সিরিয়া ও ইরানের সঙ্গে আলোচনায়ও আপত্তি রয়েছে জর্জ বুশের।
তিনি বলেন, ইরান যদি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে তবেই আলোচনা হতে পারে, নতুবা নয়।
লেবাননে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্যও সিরিয়াকে আবারও অভিযুক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট।
তিনি বলেন, ইরান ও সিরিয়া যদি সন্ত্রাসীদের মদদ দেওয়া বন্ধ করে ইরাকের অর্থনীতি পুনর্গঠনে সাহায্য করে তবেই তাদেরকে আন্তর্জাতিক সহায়তাকারী দলের অন্তর্ভুক্ত করা হবে।
তবে সরাসরি যুদ্ধ থেকে মার্কিন সেনাদের সরিয়ে এনে ইরাকি বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার ওপর জোর দেওয়া সংক্রান্ত সুপারিশের সঙ্গে একমত পোষণ করেছেন জর্জ বুশ।
তিনি বলেন, “আমি আগে থেকেই বলে আসছি, লক্ষ্য অর্জন শেষে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ইরাক ত্যাগ করতে চাই।”
ইরাকে চলমান পরিস্থিতি নিয়ে অসন্তোষের কথাও প্রকাশ করেন তিনি।
