২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৬ বছর পর পুলিৎজার পুরস্কার গ্রহণ করবেন ইরানী আলোকচিত্রী

‘অজ্ঞাত পরিচয় ব্যক্তির তোলা ছবি’ হিসেবে ১৯৮০ সালে পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত একটি ছবির শিল্পী দীর্ঘ ২৬ বছর পর জনসমক্ষে আসছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Dec 2006, 03:20 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

পুলিৎজার পুরস্কার পর্যালোচনাকারী একটি প্যানেল বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।

সেদিনের সেই ‘অজ্ঞাত পরিচয় ব্যক্তি’টি হলেন ইরানী আলোকচিত্রী জাহাঙ্গীর রাজমি।

রাজমির তোলা ইরানের ফায়ারিং স্কোয়াডের একটি ছবি ১৯৭৯ সালের আগস্ট মাসে সে দেশের একটি সংবাদপত্রে ছাপা হয়।

তবে নিরাপত্তার কথা বিবেচনা করে সংবাদপত্রটির সম্পাদক তার নাম প্রকাশ করা থেকে বিরত থাকেন।

এরপর আলোকচিত্রীর নাম ছাড়াই বিশ্বের আরও অন্যান্য সংবাদপত্রেও ছাপা হয় ছবিটি।

এতোদিন ধরে পরিচয় গোপন রাখলেও সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালকে ওই ছবির আলোকচিত্রী হিসেবে নিজের নাম প্রকাশের অনুমতি দেন তিনি।

পত্রিকাটি ২ ডিসেম্বর তার নাম প্রকাশ করে।

এরপর পত্রিকায় প্রকাশিত খবর ও ছবি পর্যালোচনা করে পুলিৎজার পুরস্কার বোর্ডের একটি কমিটি জানায় রাজমিই ছবিটি তুলেছিলেন।

পুলিৎজার পুরস্কার কমিটির এক কর্মকর্তা সিগ গিসলার এক বিবৃতিতে বলেন, “প্রথমবারের মত শিল্পীর নাম ছাড়াই এ ছবিকে পুরস্কৃত করার সময় আশা করেছিলাম শিল্পীর নাম একদিন প্রকাশিত হবেই।”

তিনি আরও বলেন, “২৬ বছর পর প্রতীকী এ ছবির শিল্পীকে সম্মানিত করতে পেরে আমরা খুবই আনন্দিত।”

২০০৭ সালের মে মাসে পুলিৎজার পুরস্কারপ্রাপ্তদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার এবং নগদ ১০ হাজার ডলার গ্রহণের জন্য তাকে আমন্ত্রণ জানানো হবে বলে বোর্ড জানিয়েছে।