ওয়াশিংটনে ভিঞ্চির দুর্লভ স্কেচ প্রদর্শনী
‘অ্যাডোরেশন অব দ্যা ম্যাজাই’ চিত্রকর্মের পটভূমি তৈরি করতে লিওনার্দো দ্যা ভিঞ্চি যে স্কেচ আঁকেন সেটি সম্প্রতি নিজ বাসভূম ইটালি থেকে পাড়ি জমিয়েছে সুদূর আমেরিকায়। যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অব কংগ্রেসে বৃহস্পতিবার হতে যাচ্ছে এই স্কেচের উন্মুক্ত প্রদর্শনী।
স্কেচটি প্রস্থে মাত্র ৬ ইঞ্চি এবং দৈর্ঘ্যে ১১ ইঞ্চি। এর ভিত্তিতে বিস্ময়কর গাণিতিক দক্ষতায় ৯ ফুট দীর্ঘ একটি কাঠের ওপর মূল চিত্রকর্মটি আঁকেন ১৫ শতকের এই শিল্পী। স্কেচটিতে দেখা যায় তন্তুর মতো সূক্ষ রেখার আধিক্য ও সূচাঁলো বিন্যাস। মনে হতে পারে এটি স্থাপত্যবিদ্যার জটিল কোনো নকশা যার মধ্যে যুদ্ধরত সৈন্য এবং প্রাসাদ বা দুর্গ নির্মাণকারী শ্রমিকদের বিপন্ন উপস্থিতি।
চিত্রকর্মে বিজ্ঞানের মিল ঘটাতে দ্যা ভিঞ্চি ছিলেন অতুলনীয়।
ফ্লোরেন্সের উফিজি গ্যালারি থেকে দু’দিনের প্রদর্শনীর জন্য স্কেচটি নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে। ইটালির বাইরে এটাই হবে এর প্রথম প্রদর্শনী।
