এডিসনের তৈরি ২৩টি বাল্ব নিলামে
টমাস আলভা এডিসনের তৈরি ২৩টি বাল্ব এ মাসের শেষে নিলামে ওঠানো হচ্ছে। ধারনা করা হচ্ছে এগুলো তিন লাখ পাউন্ড (ছয় লাখ ডলার) এরও বেশি দামে বিক্রি হবে।
নিলাম আয়োজনকারী প্রতিষ্ঠান ক্রিস্টি জানায়, বাল্বগুলো তৈরির পর এডিসন পেটেন্ট অধিকারের জন্য ১৮৯০ সালে সেগুলো আদালতে উপস্থাপন করেন। এরপর বাল্বগুলোর আর হদিশ পাওয়া যায়নি। ২০০২ সালে হঠাৎ করেই যুক্তরাষ্ট্রের একটি বাড়ির চিলেকোঠায় কাঠের বাক্সের ভেতর বাল্বগুলো পাওয়া যায়।
ওয়েবসাইট সুত্রে জানা যায়, পেটেন্ট অধিকার নিয়ে ‘এডিসন ইলেকট্রিক লাইট কোম্পানি’ ও ‘ইউনাইটেড স্টেটস ইলেকট্রিক লাইট কোম্পানি’র মধ্যেকার ১৮৯০ সালের মামলাটি প্রযুক্তি বিষয়ে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলাগুলোর অন্যতম।
সে সময় বেশ কয়েকজন বিজ্ঞানী বাল্বের উন্নয়ন ঘটান এবং কার বাল্ব পেটেন্ট সত্ত্ব পাবে তা নিয়ে বিতর্কে মামলাটি কয়েক বছর গড়ায়। পরে ১৮৯০ সালের জুলাই মাসের আট তারিখে এডিসনের পক্ষে প্রধান সাক্ষী জন হাওয়েল বাল্বগুলো আদালতে তুললে বিরোধের অবসান ঘটে। জয় হয় এডিসনের।
ক্রিস্টির এই ঐতিহাসিক বৈজ্ঞানিক জিনিসপত্রের নিলামে আরো তোলা হচ্ছে আলবার্ট আইনস্টাইনের প্রথম বৈজ্ঞানিক রচনাটি, চার্লস ডারউইনের ‘অন দ্য ওরিজিন অব স্পেসিজ’ বইয়ের প্রথম সংস্করন এবং আইজ্যাক নিউটনের একটি পাণ্ডুলিপি।
