ইরাকে মার্কিন রণকৌশল পরিবর্তনের সুপারিশ
ইরাকে সরাসরি যুদ্ধ এড়িয়ে পেছন থেকে ইরাকি সেনাদের সহায়তার কৌশল নিতে হবে মার্কিন বাহিনীকে। যুক্তরাষ্ট্রের ইরাক স্টাডি গ্রুপ তাদের রিপোর্টে এমন সুপারিশই করেছে বলে সিএনএন মঙ্গলবার জানিয়েছে। বুধবার এ রিপোর্ট প্রকাশ হওয়ার কথা।
সিএনএন জানায়, ইরাক স্টাডি গ্রুপ মঙ্গলবার তাদের রিপোর্টের মূল বিষয়গুলো স¤পর্কে প্রেসিডেন্ট বুশকে ধারণা দিয়েছে। তারা ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে সুনির্দিষ্ট সময় সীমার প্রস্তাব করেনি। তবে বলেছে, সামনের দিনগুলোতে ইরাকি সরকারের প্রয়োজন থাকলেও সেখানে অনির্দিষ্টকাল বিশাল বহরের মার্কিন বাহিনীর অবস্থান কোনোভাবেই ঠিক হবে না। পাশাপাশি পুরো মধ্যপ্রাচ্য নিয়ে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর জোর দেয়া হয় রিপোর্টে।
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জেমস বেকার ও ডেমোক্রেট দলের সাবেক কংগ্রেস সদস্য লি হ্যামিলটনের নেতৃত্বে ওই গ্রুপ রিপোর্টটি তৈরি করে।
