ফিজিতে জরুরি অবস্থা, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ
সেনা অভ্যুত্থানের পর বুধবার দেশে জরুরি অবস্থা জারি ও একজন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন ফিজির সেনাপ্রধান ফ্রাঙ্ক বাইনিমারমা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী লাইসেনিয়া কারাসেকে রাজধানী সুভার বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এছাড়া পার্লামেন্টের স্পিকার, পুলিশ কমিশনারসহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের প্রধান সেনা ব্যারাকে নিয়ে আটক করে রেখেছে সেনাবাহিনী। অভ্যুত্থানের নিন্দা জানিয়ে সিনেট অধিবেশনে আলোচনা চলতে থাকায় পার্লামেন্ট কমপ্লেক্সে প্রবেশ করে তা বন্ধ করে দেয় সেনাবাহিনী।
সেনাবাহিনীর চিকিৎসক ডা. জোনা বারাভিলালা সেনিলাগাকালি-কে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন বাইনিমারমা। ডা. সেনিলাগাকালি মিডিয়াকে বলেছেন, ‘আমি সেনাবাহিনীতে কাজ করি। আমার কমান্ডার আমাকে যা বলবেন আমি তা করতে বাধ্য।’ নতুন নির্বাচনের কোন সময়সীমা ঘোষণা করেননি তিনি।
ওইদিনই এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অভ্যুত্থানের বিরুদ্ধে যে কোন বিক্ষোভ কঠোর হস্তে দমনের ঘোষণা দেন বাইনিমারমা। সামরিক জান্তার বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে অনাস্থা জানাতে জনগনের প্রতি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কারাসের আহ্বানের পর এ ঘোষণা দিলেন তিনি।
কারাসে বলেন, ‘আমার বিশ্বাস ফিজির ৯৯ ভাগ মানুষই গণতন্ত্র চায়। আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় অভ্যস্ত এবং আইনের শাসনের অধীনে থাকতে চাই। এ ধরণের বেআইনি ক্ষমতাদখল দেখতে দেখতে ফিজির জনগন বীতশ্রদ্ধ হয়ে পড়েছে।’
অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ফিজির জনগনকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে। সেনা অভ্যুত্থানের কারণে বিশ্বজুড়ে অব্যাহত নিন্দার পরিপ্রেক্ষিতে দেশটির অর্থনীতিতে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। বৈদেশিক মুদ্রার সঙ্কটের আশঙ্কায় লেনদেনে কড়াকড়ি আরোপ করেছে ফিজির কেন্দ্রীয় ব্যাংক।
মিডিয়ার ওপর সেনা নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন এবং নানাভাবে বাধাগ্রস্থ করার পরও অভ্যুত্থানের বিরুদ্ধে নেতৃস্থানীয় রাজনীতিকদের মতামত ছাপা হযেছে পত্র পত্রিকায়। দেশটির প্রথম ভারতীয় বংশোদ্ভুত সাবেক প্রধানমন্ত্রী মহেন্দ্র চৌধুরী বলেছেন, ‘আমারা কোনভাবেই অভ্যুত্থানের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারছি না। আমি আশা করব সেনা কমান্ডার দ্রুত গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার ব্যবস্থা নিবেন।’
প্রসঙ্গত, ২০০০ সালের অভ্যুত্থানে ৫৬ দিন জিম্মি ছিলেন মহেন্দ্র চৌধুরী।
