ইরাক যুদ্ধে জিতছে না যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের ভাবি প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস মঙ্গলবার বলেছেন, ইরাক যুদ্ধে জিতছে না যুক্তরাষ্ট্র। ইরাকে কোন ভুল করলে মধ্যপ্রাচ্যে মারাত্মক সহিংসতার বিস্তার ঘটতে পারে বলেও সতর্কবাণী শুনিয়েছেন তিনি।
তার মতে আল-কায়েদার ওসামা বিন লাদেন যতোটা না একজন সক্রিয় ষড়যন্ত্রকারী তার চেয়ে বেশী ‘প্রতীকে’ পরিণত হয়েছেন। যুক্তরাষ্ট্রের এ মুহুর্তে ইরান বা সিরিয়া আক্রমণের সম্ভাবনাও নাকচ করে দেন তিনি।
ডেমোক্রেটদের চাপের মুখে প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ডের পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন রবার্ট গেটস। সর্বসম্মতভাবে তাকে মনোনয়ন দেয় ‘দ্যা সিনেট আর্মড সার্ভিসেস কমিটি’। আজ বুধবার সকালেই সিনেটের পূর্ণ সভায় চূড়ান্ত হতে যাচ্ছে গেটসের মনোনয়ন।
সিনেট আর্মড সার্ভিসেস কমিটির সঙ্গে সাক্ষাৎকার পর্বে মিশিগানের ডেমোক্রেটিক সিনেটর কার্ল লেভিনের প্রশ্নের জবাবে সিআইয়ের সাবেক পরিচালক গেটস সাফ জানিয়ে দেন, ইরাক যুদ্ধে জিতছে না যুক্তরাষ্ট্র। আলোচনার টেবিলে বসেই ইরাক পরিস্থিতি স্থিতিশীল করার উদ্যোগ নেওয়া সম্ভব বলেও তিনি মন্তব্য করেছেন।
ইরান ইস্যুতে গেটস বলেন, তিনি বিশ্বাস করেন, দেশটি পরমাণু অস্ত্র বানানোর চেষ্টা করছে। কিন্তু এ ক্ষেত্রে সামরিক অভিযানের মতো কোন ব্যবস্থা নেওয়া সর্বশেষ বিকল্প হিসেবেই মনে করেন তিনি। ইরানের সঙ্গে সামরিক সংঘর্ষে জড়িয়ে পড়লে মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে নাটকীয় পরিবর্তন ঘটে যেতে পারে বলেও মন্তব্য করেছেন গেটস।
ইরাককে বিশৃঙ্খল অবস্থায় ফেলে আসলে সৌদি আরব, তুরস্ক, ইরানসহ সবপক্ষই সেখানে নাক গলাতে শুরু করবে। এ ধরণের পরিস্থিতি মধ্যপ্রাচ্যে সহিংসতার মারাত্মক বিস্তার ঘটাবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি ।
১৯৯১ থেকে ’৯৩ সাল পর্যন্ত সিআইয়ের নেতৃত্বদানকারী রবার্ট গেটস মনে করেন আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন এখন যতোটা না সক্রিয় ষড়যন্তকারী তারচেয়ে বেশী ‘প্রতীকে’ পরিণত হযেছেন। বর্তমান পরিস্থিতিতে সিরিয়া, ইরানের মতো দেশগুলোর সঙ্গে সামরিক সংঘাতে জড়িয়ে না পড়ার পক্ষেই মত দিয়েছেন গেটস।
