বাগদাদে হামলায় আরো ৩০ জন নিহত
বন্দুকধারীদের গুলি ও গাড়িবোমা হামলায় বাগদাদে মঙ্গলবার আরো ৩০ জন নিহত হয়েছে।
বন্দুকধারীরা শিয়াদের পবিত্রস্থান দেখাশোনাকারী একটি ফাউন্ডেশনের কর্মীদের বহনকারী বাসের উপর হামলা চালালে ১৪ জন নিহত হয়। অন্যদিকে নগরীর দক্ষিণাঞ্চলে পৃথক তিনটি গাড়িবোমা বিষ্ফোরণে মারা যায় ১৬ জন। আহত হয়েছে ২৫ জন।
শিয়া ফাউন্ডেশনের কর্মকর্তা সালাহ আবদুল রাজ্জাক জানান, বাগদাদের কাহিরা এলাকায় বাসটি থামিয়ে বন্দুকধারীরা নির্বিচারে গুলি চালায়। এতে ১৪ জন নিহত ও আট জন আহত হয়। ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছে, বন্দুকধারীরা প্রথমে একটি গাড়িবোমা বিষ্ফোরণ ঘটায়। এরপর গুলি চালায়। এই সূত্র জানিয়েছে নিহতের সংখ্যা ১৫।
