ইরাকে আরো কঠোর মার্কিন অভিযান চান শিয়া নেতা
সুন্নি নেতৃত্বাধীন বিদ্রোহীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আরও কঠিন হামলা চালালেই কেবল ইরাককে গৃহযুদ্ধ থেকে ফেরানো যাবে। হোয়াইট হাউজে সোমবার মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে বৈঠক শেষে ইরাকের অন্যতম শিয়া নেতা আব্দুল আজিজ আল-হাকিম সংবাদ সম্মেলনে একথা বলেন।
সংখ্যাগরিষ্ঠ শিয়ারা গোষ্ঠীগত সহিংসতার জন্য দায়ী-এ অভিযোগ অস্বীকার করে হাকিম ওয়াশিংটনের প্রতি ইরাকে বিদ্রোহীর ওপর আরো কঠোর আঘাত হানার দাবি জানান। তিনি বলেন ‘বহুজাতিক বাহিনী যে তৎপরতা দেখাচ্ছে তা বিদ্রোহী দমনে যথেষ্ট নয়। বাথ পার্টির সন্ত্রাসীসহ ইসলামি সংগঠনগুলোর বিরুদ্ধে বড় রকমের আঘাত হানলেই কেবল ইরাক গৃহযুদ্ধের কবল থেকে মুক্ত হবে।’
বুশ বলেন, ইরাকে গণতন্ত্র নস্যাতের চেষ্টাকারী জঙ্গিদের কীভাবে প্রত্যাখ্যান করা যায় তা নিয়ে হাকিমের সঙ্গে তার আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘আমি হাকিমকে বলেছি। ইরাকে বর্তমানে অগ্রগতির যে ধারা তাতে আমরা সন্তুষ্ট নই। পাশাপাশি এটাও বলেছি, ইরাক একটি স্বাধীন রাষ্ট্র যে নিজেই নিজেকে শাসন করতে, টিকে থাকতে এবং রক্ষা করতে পারে। এই রাষ্ট্রের সার্বভৌম সরকারের সঙ্গে আমরা পারষ্পরিক লক্ষ্য নিয়ে কাজ করে যেতে চাই।’
প্রসঙ্গত, গত সপ্তাহে বুশ ইরাকের শিয়া প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির সাথে সাক্ষাৎ করেছেন এবং এ মাসের শেষে সুন্নি ভাইস প্রেসিডেন্ট তারেক আল-হাশেমির সাথে সাক্ষাৎ করবেন।
উল্লেখ্য, বুশ ও হাকিমের এই বক্তব্য রাখার আগের ২৪ ঘন্টায় বাগদাদে সহিংসতার বলি আরো ৫২টি লাশ উদ্ধার হয়।
