কিউবার সংলাপ প্রস্তাবে যুক্তরাষ্ট্রের না
আলোচনার টেবিলে বসে মার্কিনিদের সঙ্গে বিরোধ মীমাংসায় রাউল ক্যাস্ত্রোর প্রস্তাব নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র।
কিউবার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রাউলকে ‘ভাবি-একনায়ক’ আখ্যায়িত করে সোমবার যুক্তরাষ্ট্র বলেছে, আলোচনা হতে হবে ‘গণতন্ত্র প্রত্যাশি কিউবান জনগনের’ সঙ্গে। একজন ভাবি-একনায়কের সঙ্গে আলোচনার কোন অর্থ নেই।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র শন ম্যাককরম্যাক বলেন, “আলোচনা হওয়া উচিৎ কিউবার জনগনের সঙ্গে, যারা গণতন্ত্রে উত্তরণ চায়, একটি গণতান্ত্রিক কাঠামোর শাসন ব্যবস্থা চায়। রাউল ক্যাস্ত্রো কিংবা কিউবার বাইরের অন্য কোন গ্রুপ বা অন্য কোন দেশের সঙ্গে আলোচনার কোন কারণ নেই।”
একটি সংলাপ কিউবাকে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যেতে পারে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ম্যাককরম্যাক বলেন, “আমি এর কোন সুযোগ দেখি না। দশকের পর দশক ধরে যে শাসন ব্যবস্থার মাধ্যমে কিউবার জনগনকে দমিয়ে রাখা হয়েছে, সে ব্যবস্থাটাই চালিয়ে যেতে চায় এমন একজন ভাবি-একনায়কের সঙ্গে আলোচনা গণতন্ত্রের পথ সুগম করতে পারে না।”
এর আগে গত শনিবার, এক সামরিক কুচকাওয়াজে দেওয়া ভাষণে আলোচনার টেবিলে বসে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ মিটিয়ে ফেলার প্রস্তাব দেন রাউল ক্যাস্ত্রো। কিউবান বিপ্লবের দু’বছর পর ১৯৬১ সালে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্র।
১৯৬২ সাল থেকে কিউবার ওপর অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে দেশটি। সম্প্রতি সুইস ব্যাংকও কিউবার সঙ্গে সব লেনদেন বন্ধ করার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের দীর্ঘ অর্থনৈতিক অবরোধ ও তার মিত্র দেশগুলোর সম্মিলিত চাপের মুখে অনেকটা কোনঠাসা হয়ে আছে সমাজতান্ত্রিক কিউবা।
