৮০ তালেবানকে হত্যার দাবি ন্যাটোর
আফগানিস্তানে ৭০ থেকে ৮০ জন তালেবান যোদ্ধাকে হত্যার দাবি করেছে ন্যাটো। সোমবার ন্যাটোর এক মুখপাত্র বলেন, দেশটির দক্ষিণাঞ্চলে ন্যাটো বাহিনীর সঙ্গে যুদ্ধে তারা নিহত হয়।
মুখপাত্র জানান, রোববার হেলমান্দ প্রদেশের মুসা কালা গ্রামে ন্যাটো সেনারা অভিযানে নামলে তাদের ওপর সশস্ত্র তালেবানরা আক্রমণ চালায়। এ সময় চার ঘণ্টাব্যাপী যুদ্ধে ৭০ থেকে ৮০ জন তালেবান যোদ্ধা নিহত হয়। তিনি আরো জানান, হেলমান্দে কোনো ন্যাটো সেনা হতাহত না হলেও আফগানিস্তানে পৃথক সংঘর্ষে সোমবার তিন ন্যাটো সেনা আহত হয়েছে।
এদিকে কান্দাহারে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ওই হেলিকপ্টারে ক্রুসহ আট জন আরোহী ছিল। তালেবানরা দাবি করেছে, তারাই হেলিকপ্টারটি ভূপাতিত করেছে। তবে এ বিষয়ে ন্যাটো বাহিনী কোনো মন্তব্য করেনি।
