ধর্ষণের দায়ে ফিলিপাইনে মার্কিন সেনার জেল
ধর্ষণের দায়ে এক মার্কিন সেনাকে সোমবার যাবজ্জীবন জেল দিয়েছে ফিলিপাইনের একটি আদালত। একই সঙ্গে তার এক হাজার ডলার জরিমানাও করা হয়েছে।
তবে আদালতের রায়ে মামলার আসামি অপর তিন মার্কিন সেনাকে খালাস দেয়া হয়। এই মামলাকে কেন্দ্র করে সোমবার ম্যানিলায় ব্যাপক বিক্ষোভ দেখায় জনতা। তারা এ সময় যুক্তরাষ্ট্রের পতাকাও পোড়ায়।
এক ফিলিপিনো নারী গত বছর ল্যান্স কর্পোরাল ড্যানিয়েল স্মিথ ও তার তিন সহকর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনে। আদালত বলেছে, অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ২১ বছর বয়সী মার্কিন সেনা স্মিথকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়া হলো। মামলার বাদী ওই ধর্ষিতা আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
এদিকে স্মিথের আইনজীবী বলেছেন, তারা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। ড্যানিয়েল স্মিথকে বর্তমানে ম্যানিলায় একটি কারাগারে সাময়িকভাবে রাখা হয়েছে। মামলা চলাকালীন সাত মাস তিনি মার্কিন দূতাবাসের আশ্রয়ে ছিলেন। তিনি কোথায় শাস্তি ভোগ করবেন তা এখনো নিশ্চিত নয়। ফিলিপাইনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক চুক্তি রয়েছে। তাই এ ধরনের ক্ষেত্রে পারস্পরিক আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত নেয়া হতে পারে।
মামলাটি শুরু হওয়ার পরপরই ম্যানিলায় মার্কিন বিরোধী বিক্ষোভ চাঙ্গা হয়ে ওঠে। ফিলিপাইনিরা অভিযুক্ত মার্কিন সেনার শাস্তিসহ ফিলিপাইন থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেয়ার দাবি জানিয়ে আসছিল।
