২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোপন তথ্যের জন্যই হত্যার চেষ্টা হয়: স্কারামেলা

রাশিয়ার সাবেক গোয়েন্দা আলেক্সান্ডার লিতভিনেনকোর ইটালীয় সহচর মারিও স্কারামেলা বলেছেন, তাদের মাঝে আদান প্রদান হওয়া গোপন তথ্যের কারণেই দুজনকেই তেজষ্ক্রিয় আইসটোপের মাধ্যমে হত্যার চেষ্টা করা হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2006, 02:15 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

শনিবার ইটালীয় মিডিয়ায় প্রকাশিত এক বিবৃতিতে তিনি দাবি করেন, লিতভিনেনকো কয়েকমাস ধরে তাকে যেসব তথ্য দিয়েছিলেন তার সঙ্গে ওই হত্যা চেষ্টার যোগসূত্র থাকতে পারে। তিনি বলেন এটা বিশ্বাস করার মতো যথেষ্ট কারণ রয়েছে। তবে স্কিারামেলা বিষক্রিয়ার ঘটনার জন্য সুনির্দিষ্টভাবে কাউকে দায়ী করেননি কিংবা লিতভিনেনকো তাকে কি তথ্য দিয়েছিলেন সে সম্পর্কেও কিছু বলেননি ।

পোলোনিয়াম ২১০ আইসটোপে আক্রান্ত এ ইটালীয় গোয়েন্দা বলেছেন, লিতভিনেনকো হত্যা ষড়যন্ত্রে তাকে সন্দেহ করার কোন কারণ নেই। লন্ডন পুলিশ তাকে সন্দেহভাজন নয়, বরং একজন ভুক্তভোগী হিসেবে চিহ্নিত করেছে । তিনি বলেন, আমি আশা করছি আমি সুস্থ হয়ে উঠবো এবং আমার বিরুদ্ধে সব অভিযোগ ও মানহানির জবাব দেবো।

লন্ডনের হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রাথমিক পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে স্কারামেলা এষনও সুস্থ আছেন এবং তেজষ্ক্রিয়তার কোন নমুনা দেখা যায়নি তার শরীরে। কিন্তু ইটালির সিনেটর পাওলো গুজ্জানতি বলেছেন,স্কারামেলার শরীরে থাকা পোলোনিয়ামের মাত্রা যথেষ্ট মারাত্মক। স্কারামেলার সঙ্গে টেলিফোনে কথা বলার পর তিনি একথা জানান। তিনি আরো জানান, স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, এ বিষক্রিয়ার পর সাধারণত কেউ বাঁচে না তাই স্কারামেলার টিকে থাকার সম্ভবনাও কম। তবে আগামী তিন মাসের মধ্যে তার অবস্থার খুব অবনতি না হলে একটা আশা আছে। কারন প্রতি ছয়মাসে পোলোনিয়ামের তেজষ্ক্রিয়তা কমে অর্ধেক হয়ে যায়।

নভেম্বরের ১ তারিখে লন্ডনের একটি রেস্তোরাঁয় লিতভিনেনকোর সঙ্গে দেখা করেন মারিও স্কারামেলা এবং ওইদিনই অসুস্থ হয়ে পড়েন তিনি। পোলোনিয়াম ২১০ তেজষ্ক্রিয় আইসটোপের বিষক্রিয়ায় আক্রান্ত লিতভিনেনকো পরে লন্ডনের একটি হাসপাতালে মারা যান । ব্রিটিশ এয়ারওয়েজের লন্ডন মস্কো রুটের তিনটি বিমান সহ লন্ডনের ১২টি স্থানে ওই একই তেজষ্ক্রিয়তার সন্ধান পেয়েছে পুলিশ। এ থেকে জনস্বাস্থ্যের মারাত্মক হুমকির আশঙ্কায় লন্ডনসহ সারা ব্রিটেনে আতঙ্ক বিরাজ করছে।