ইরাকে কৌশল কাজ করছে না: রামসফেল্ড
ইরাকে মার্কিন কৌশল কাজ করছে না, তাই শিগগিরই এতে পরিবর্তন আনতে হবে। পদত্যাগপত্র পেশের আগে প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড হোয়াইট হাউজের কাছে এমন সুপারিশই করেছেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
শনিবার ওই পত্রিকার ওয়েবসাইটে রামসফেল্ডের গোপনীয় সেই সুপারিশসহ একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে দেখা যায়, গত ৬ নভেম্বর রামসফেল্ড ওই সুপারিশ হোয়াইট হাউজের কাছে পেশ করেন। তাতে রামসফেল্ড বলেন, আমার মনে হচ্ছে ইরাকে মার্কিন বাহিনীর কার্যক্রম এখন কোনো ফল বয়ে নিয়ে আসছে না। তাই সেখানে বড় ধরনের পুনর্বিন্যাস প্রয়োজন। আর তা করার সময় এখনি। তিনি ইরাকে মার্কিন সেনা সংখ্যা কমিয়ে আনার বিষয়টিও বিবেচনার পরামর্শ দেন।
ইরাকে মার্কিন নেতৃত্বে বহুজাতিক বাহিনীর অভিযান শুরুর সময় থেকেই এক্ষেত্রে সব পরিকল্পনা করে আসছিলেন রামসফেল্ড। এ নিয়ে স্বদেশে বিরোধীদের সমালোচনার মুখেও পড়তে হয় তাকে। পদত্যাগের ঠিক আগ মুহূর্তের ওই সুপারিশে রামসফেল্ড নতুন কৌশল নিয়ে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব দেননি। সম্ভাব্য কিছু বিষয় তুলে ধরেছেন মাত্র।
পেন্টাগন রামসফেল্ডের ওই সুপারিশের কথা স্বীকার করলেও এ নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
রামসফেল্ড যেদিন সুপারিশটি দেন তার পরদিনই মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে ডেমোক্রেটরা। ৮ নভেম্বর পদত্যাগ পত্র পেশ করেন রামসফেল্ড। তার পরপরই প্রেসিডেন্ট বুশ বলেন, ইরাকে আমাদের কৌশল পরিবর্তন এখন সময়ের দাবি।
