বাগদাদে বোমা বিস্ফোরণে নিহত ৫১
ইরাকের রাজধানী বাগদাদের কেন্দ্রস্থলে একটি কাচাঁবাজারে কয়েক দফা গাড়িবোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৫১-তে।
শনিবার মধ্য বাগদাদের শিয়া অধ্যুষিত সদরিয়া এলাকায় ফল ও সবজি বাজারে পরপর কয়েক দফা বোমা বিস্ফোরণে পুরো নগরী কেঁপে ওঠে। পুলিশ হেডকোয়ার্টার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ঐ গাড়ী বোমা হামলায় আরো ৯০ জন আহত হয়েছে।
ইরাকে কয়েকদিনের ব্যবধানে আবারো বড় ধরনের বোমা হামলার ঘটনা ঘটলো যা জাতিগত দাঙ্গা উসকে দিয়ে দেশটিকে ভয়াবহ গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। মাত্র ১০ দিন আগে দফায় দফায় আত্মঘাতী গাড়ী বোমা হামলায় ২০০ জন নিহত হয়েছিল।
কিভাবে সাম্প্রদায়িক সংঘাতে জর্জরিত দেশটিকে গৃহযুদ্ধের প্রান্ত থেকে সরিয়ে আনা যায় এ বিষয়ে জর্ডানে ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকির সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের বৈঠকের দুদিন পরেই আবারো এই গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলো।
জর্ডানে ওই বৈঠকের পর ইরাকের প্রধানমন্ত্রী দেশবাসীকে জানান, ২০০৭ সালের জুনের আগে মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনী ইরাক সরকারের কাছে দেশটির আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত ক্ষমতা হস্তান্তর না করার সিদ্ধান্ত নিয়েছে।
