দেশের মঙ্গলে প্রার্থনার আহ্বান ফিজির প্রধানমন্ত্রীর
দেশের মঙ্গলের জন্য স্রষ্টার কাছে প্রার্থনা জানাতে ফিজিবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী লাইসেনিয়া কারাসে।
শনিবার রাজধানী সুভায় ফিরে তিনি এ আহ্বান জানান। পাশাপাশি সরকার উৎখাতে সেনা প্রধান ফ্রাঙ্ক বাইনিমারামার হুমকিতে তিনি বা তার মন্ত্রিসভার সবাই পালিয়ে গেছেন, এমন খবরও নাকচ করে দিয়েছেন তিনি।
এক বছর ধরে সেনা প্রধানের সঙ্গে তার ক্ষমতার দ্বন্দ্ব চলছে। বাইনিমারামা তার ইচ্ছা অনুযায়ী দেশকে পরিচালিত করতে চাইছেন এবং দাবি করছেন তিনি প্রধানমন্ত্রীর চেয়েও ক্ষমতাবান। বেশ কিছুদিন ধরেই সরকার উৎখাতের হুমকি দিয়ে আসছেন সেনা প্রধান। তার দাবি অনুযায়ী অনেকগুলো সিদ্ধান্ত কারাসে সরকার মেনে নিলেও তাতেও সন্তষ্ট নন বাইনিমারামা। সর্বশেষ সরকারে শুদ্ধি অভিযান চালানের জন্য তিনি কারাসেকে গত শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দেন। তা অতিক্রম হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো তৎপরতা অবশ্য দেখাননি সেনা প্রধান।
কারাসে বলছেন, তিনি তার মেয়াদপূর্ণ করেই ক্ষমতা ছাড়বেন। তাছাড়া এ মুহূর্তে সংসদ ভেঙ্গে দেয়ার কোনো ইচ্ছাও তার নেই। গত মে মাসে তিনি প্রধানমন্ত্রী পদে পুনর্নিবাচিত হন। রাজধানীতে ফিরে শনিবার ভাইস প্রেসিডেন্ট রাতু জানি মাদরাউইরি সঙ্গে বৈঠক করেন কারাসে। প্রধানমন্ত্রী ও সেনা প্রধানের দ্বন্দ্ব নিরসনে বাইনিমারামার সঙ্গেও ভাইস প্রেসিডেন্টের বৈঠকের কথা রয়েছে।
