সরকার পতনের দাবিতে লেবাননে অবরোধ শুরু
সরকারের পদত্যাগ দাবিতে শুক্রবার লেবাননে অবরোধ শুরু করেছে হিজবুল্লাহ ও এর সহযোগী রাজনৈতিক দলগুলো। সারাদেশ থেকে তাদের হাজার হাজার কর্মী এসে জড়ো হয়েছে বৈরুতে। তারা সরকারি কার্যালয়গুলোর সামনে অবস্থান নিয়ে ঘোষণা করেছে, সরকার পদত্যাগ না করলে তারা রাজপথ ছাড়বে না।
এদিকে বিরোধীদের বিক্ষোভ ঘিরে বৈরুতে ব্যাপক সংখ্যক নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন প্রশাসনিক ভবন ঘিরে রেখেছে সশস্ত্র নিরাপত্তা রক্ষীরা। সংঘাতের আশঙ্কায় দেশ জুড়ে বিরাজ করছে তীব্র উৎকণ্ঠা।
হিজবুল্লাহর অভিযোগ, ফাউদ সিনিওরার সরকার যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের হাতের পুতুলে পরিণত হয়েছে। দলের উপ প্রধান শেখ অনিমা কাসুমি বলেছেন, বর্তমান সরকারের অধীনে লেবাননের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন। তাদের বারবার সতর্ক করার পরও তারা গা করেনি। সুতরাং তাদের অবশ্যই চলে যেতে হবে। আমরা চাই না মার্কিনিরা আমাদের শাসন করুক। সরকার পদত্যাগ না করা পর্যন্ত তাদের অবরোধ চলবে বলে ঘোষণা দেন তিনি।
বিক্ষোভকারীরা বলছে, আমরা একটি স্বাধীন সরকার চাই। তাই সিনিওয়ারাকে চলে যেতে হবে। তারা ইসরাইলের সঙ্গে যুদ্ধে হিজবুল্লাহদের সমর্থন না দেওয়ার জন্যও সরকারের সমালোচনা করেন।
সিরিয়াবিরোধী সরকারের মন্ত্রীরা অভিযোগ করছেন, শিয়া সম্প্রদায় তাদের সহযোগীদের নিয়ে ক্যু ঘটাতে চায়। এটা তারা কোনোভাবেই হতে দেবেন না। তারা অভিযোগ করেন, প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যা তদন্তে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠিত হয়েছে তার কাজে বিঘ্ন ঘটানোর জন্যই সিরিয়ার প্ররোচনায় হিজবুল্লাহসহ কয়েকটি দল রাজপথ উত্তপ্ত করে তোলার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী সিনিওরা বৃহস্পতিবার এক ভাষণে পদত্যাগের সম্ভাবনার কথা উড়িয়ে দেন।
সিরিয়া বিরোধী নেতা জামব্লাত তার কর্মীদের শান্ত থেকে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান। তিনি রাজপথে সংঘাত এড়ানোর জন্যও কর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, অবরোধকারীরা সিরিয়ার স্বার্থ রক্ষা করতেই দেশকে অস্থিতিশীল করতে চাইছে।
সুন্নি নেতা রশিদ কাব্বানি রাজপথ ছেড়ে সংসদে ফিরে যাওয়ার জন্য সব রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
