অনিচ্ছাকৃত হত্যায় দোষী সাব্যস্ত সিধু
হত্যা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ভারতের এক সময়ের টেস্ট ওপেনার ও এই সময়ের জনপ্রিয় ক্রিকেট ভাষ্যকার নভজোত সিং সিধু।
১৭ বছর আগের এক ঘটনায় শুক্রবার পাঞ্জাব ও হরিয়ানার হাইকোর্ট তাকে অভিযুক্ত করেছে। তবে আদালত এটাও বলেছে, ওই ঘটনায় নিহত ব্যক্তিকে হত্যার কোনো উদ্দেশ্য সিধুর ছিল না।
৬ ডিসেম্বর মামলার রায় হবে। আদালতে বাদী পক্ষের আইনজীবীরা সিধুর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দাবি করেন।
ক্রিকেটার পরিচয়ের বাইরে রাজনীতিক হিসেবেও পরিচয় রয়েছে নভজোত সিং সিধুর। তিনি লোকসভার সদস্য। তবে আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পরপরই তিনি লোকসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত তার দল বিজেপিকে জানিয়ে দেন। তবে দলের প্রতি আনুগত্য অটুট থাকবে বলেও চিঠিতে সিধু বিজেপি সভাপতিকে জানান।
সিধু বলেছেন, আদালতে তার আইনজীবীরা যে কোনো সাজার বিরোধিতা করবেন এবং রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার অধিকারও তার রয়েছে।
১৯৮৮ সালের ২৭ ডিসেম্বর পাঞ্জাবের পাতিয়ালায় গাড়ি পার্কিং নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে গুরনাম সিং নামে এক ব্যক্তিকে মারধর করেন সিধু। এতে তার মৃত্যু হয়।
১৯৮৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত সিধু ভারতের হয়ে ৫১টি টেস্ট ও ১৩৬টি এক দিনের ম্যাচ খেলেন।
