ইরাকি বাহিনী আগামী বছরই দায়িত্ব নিতে পারবে: মালিকি
২০০৭ সালের জুন মাসের মধ্যেই ইরাকি বাহিনী সে দেশের নিরাপত্তার দায়িত্ব গ্রহণে সক্ষমতা অর্জন করবে। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী নূরি আল মালিকি।
আম্মানে মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের সঙ্গে বৈঠকের পর এবিসি টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে ইরাকি প্রধানমন্ত্রী বলেন, মার্কিন বাহিনীর পক্ষ হয়ে আমি বলতে পারছি না, তবে নিজেদের দিক থেকে এ কথা বলতে পারি, আগামী জুনের মধ্যে ইরাকি বাহিনী দেশের নিরাপত্তার ভার নিতে সক্ষম হবে।
তিনি বলেন, আগামী বছরের শুরু থেকেই ইরাকি বাহিনীকে প্রশিক্ষিত করার ওপর জোর দেয়া হবে। এর ধারাবাহিকতায় কয়েক মাসের মধ্যেই বহুজাতিক বাহিনী থেকে নিরাপত্তার দায়িত্ব নেয়ার জন্য আমরা নিজেদের তৈরি করে ফেলব। জুন মাসের মধ্যেই ইরাকি বাহিনী পুরোপুরি তৈরি হয়ে যাবে বলে নূরি আল মালিকি আশা প্রকাশ করেন।
ইরাকি প্রধানমন্ত্রীর এ বক্তব্য প্রসঙ্গে পেন্টাগনের মুখপাত্র ব্রায়ান হুইটম্যান বলেছেন, নিজেদের বাহিনীর ওপর ইরাকি প্রধানমন্ত্রীর এ আস্থা প্রকাশ বেশ আশাব্যঞ্জক। তবে এ বাইরে কোনো মন্তব্য করতে তিনি রাজি হননি।
জর্ডানের বৈঠকে প্রেসিডেন্ট বুশ নূরি আল মালিকির প্রতি যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থনের কথা প্রকাশ করেন। তিনি নূরি আল মালিকিকে ইরাকের পরিপ্রেক্ষিতে যোগ্য নেতা হিসেবেও অভিহিত করেন।
বুধবার আম্মানে এক যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বুশ বলেন, মিশন শেষ না হওয়া পর্যন্ত মার্কিন সেনারা ইরাকে থাকবে। আর ইরাক সরকার না চাইলে মার্কিন সেনারা সেখানে থাকবে না।
