বুশ-মালিকি বৈঠকের প্রতিবাদে ইরাকে মন্ত্রিসভা থেকে সরে দাঁড়াল শিয়া গ্রুপ
মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের সঙ্গে প্রধানমন্ত্রী নূরি আল মালিকির বৈঠকের প্রতিবাদে ইরাকে সরকার থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে মুকতাদা আল সদরের অনুসারী শিয়া গ্রুপ।
জর্জ বুশের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে নূরি আল মালিকি জর্ডান রওনা হওয়ার আগেই তারা সরকার থেকে সরে দাঁড়াবার হুমকি দিয়েছিল।
বুধবার এক বিবৃতিতে গ্রুপটি জানায়, প্রধানমন্ত্রীর ওই সফর ইরাকি জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা। তাই এর প্রতিবাদে আমরা মন্ত্রিসভা এবং সংসদে আমাদের সদস্য পদ স্থগিত ঘোষণা করছি। তবে তারা স্থায়ীভাবে সরকার থেকে সরে আসেনি বলে গ্রুপটির বিভিন্ন নেতা জানিয়েছেন।
সংসদে শিয়া ওই গ্রুপের ত্রিশটি আসন রয়েছে। নূরি আল মালিকির প্রধানমন্ত্রী হওয়ার সময় তাদের সমর্থন বেশ কাজে দিয়েছিল।
