২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ে ফের গুলিবর্ষণ

বাগদাদে ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয় ভবন লক্ষ করে আবারো গুলি চালানো হয়েছে। এ সপ্তাহে এ নিয়ে দুই বার হামলা হল ওই মন্ত্রণালয়ে। এদিকে একই দিন সামারার কাছে আত্মঘাতী গাড়িবোমায় নিহত হয়েছে ছয় পুলিশ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 29 Nov 2006, 08:22 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

স্বাস্থ্য উপমন্ত্রী হাকিম আল জামিলি বলেন, বুধবার দুপুরের দিকে প্রথমে দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পাই, তার পরপরই বন্দুকধারীরা গুলি চালাতে শুরু করে। তখন নিরাপত্তারক্ষীরাও পাল্টা গুলি ছোড়ে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গত বৃহস্পতিবারের হামলার চেয়ে বুধবারের হামলার তীব্রতা অনেক কম ছিল বলে জামিলি জানান।

মন্ত্রণালয়ের মুখপাত্র প্রতিরোধ কাশিম আবদুল হাদি বলেন, দুপুরে যখন নিরাপত্তা রক্ষীদের দায়িত্ব বদল হচ্ছিল ঠিক তখনি ওই হামলা হয়। হামলাকারীরা হাল্কা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে বলে তিনি জানান।

স্বাস্থ্যমন্ত্রী শিয়া নেতা আলী আল শেমারি জানিয়েছেন, ওই সময় তিনি মন্ত্রণালয়ে ছিলেন না। তবে হামলার কথা তিনি শুনেছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ে একের পর এক হামলার জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা সুন্নিদের দায়ী করছে।

বুধবার ভোরে বাগদাদের উত্তরে থরথর শহরে আত্মঘাতী হামলাকারীরা একটি পুলিশ স্টেশনে গাড়ি বোমাহামলা চালায়। এতে ছয় পুলিশ নিহত ও চার জন আহত হয়। এ সময় হামলাকারীরা পুলিশ স্টেশন দখল করে নেয়। অবশ্য ঘণ্টা খানেক পর অতিরিক্ত পুলিশ সেখানে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।

ঘটনার পর সামারায় সান্ধ্য আইন জারি করা হয়।