ভারতেই গাড়ি তৈরি করবে ফক্সওয়াগন
ভারতেই গাড়ি বানাবে বিখ্যাত জার্মান কোম্পানি ফক্সওয়াগন। এ লক্ষ্যে মহারাষ্ট্র রাজ্য সরকারের সঙ্গে বুধবার একটি চুক্তি সই করেছে কোম্পানিটি। চুক্তির আওতায় পুনায় একটি কারখানা স্থাপন করা হবে।
আর তাতে মোট ৫৩ কোটি ডলার বিনিয়োগ করছে ফক্সওয়াগন কোম্পানি।
নয়া দিল্লিতে জার্মান দূতাবাসের এক জন মুখপাত্র এ কথা জানিয়েছেন।
ফক্সওয়াগন গত ১৭ নভেম্বর পুনায় কারখানা স্থাপনে তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছিল। তাদের আশা, ২০০৯ সালেই তারা সে কারখানাতে বানানো গাড়ি বাজারে নিয়ে আসতে পারবে।
ভারতের গাড়ির বাজারে দাপট নিয়ে আছে মারুতি ও টাটা। কিন্তু ইউরোপিয়ান কোম্পানিগুলো এখন সেখানে ঢুকতে যাচ্ছে। কয়েক মাস আগেই ফ্রান্সের রেনাল্ট কোম্পানি ঘোষণা দেয়, মাহিন্দ্র অ্যান্ড মাহিন্দ্রের সঙ্গে যৌথ অংশীদারিত্বে তারাও ভারতে কারখানা স্থাপন করবে।
