মধ্যরাতে মন্দিরে কী কথা তাহার সাথে?
গুঞ্জন তো আগে থেকেই ছিল। মাঝে একটু বিরতি থাকলেও এখন আবার তা জেগে উঠল। আর তা হবেই বা না কেন? রাতের বেলায় চুপিচুপি এক সঙ্গে মন্দিরে যাওয়া কেন? তার ওপর আবার বচ্চন পরিবারও সেখানে। তাহলে ঐশ্বরিয়া আর অভিষেক কি বিয়েটা সেরেই ফেললেন?-এ আলোচনাই ছিল সোমবার বলিউড থেকে শুরু করে ভারত জুড়ে।
যদিও এ ধরনের কোনো ঘটনার কথা নাকচ করে দিয়েছেন বচ্চন পরিবারের পুরোহিত।
সোমবার রাত তিনটার সময় বারানসির মন্দিরে হাজির হন অমিতাভ বচ্চন, জয়া বচ্চনসহ অভিষেক-ঐশ্বরিয়া। এ সময় ছিল কঠোর নিরাপত্তা। সে বেষ্টনী সাংবাদিকরাও ভেদ করতে সক্ষম হননি। টিভি নিউজে শুধু দেখা গেছে, পুলিশ প্রহরায় তারা মন্দিরে যাচ্ছেন।
তারা বেরিয়ে আসার পর পুরোহিতের কাছে ঘটনাটি জানতে চাইলে তিনি বলেন, অমিতাভ বচ্চনের বাবা হরিবংশী রাই বচ্চনের জন্মবার্ষিকী উপলক্ষে পরিবারের সবাই প্রার্থনায় এসেছিলেন। তাহলে সে পরিবারের মধ্যে ঐশ্বরিয়া কেন-নাছোড় সাংবাদিকদের এ প্রশ্নে অসহায় পুরোহিতের উত্তর, আমি জানি না।
বানারসির পর অভিষেক ও ঐশ্বরিয়ার আগ্রা যাওয়ার কথা রয়েছে।
এদিকে ঘটনা জানার পরই মুম্বাইয়ের রুপালি জগতে শুরু হয়েছে তোলপাড়। আগ্রহীর কাতারে সাধারণ জনতার সংখ্যাও কম নয়। এ ঘটনাকে ইঙ্গিতপূর্ণই ভাবছেন চলচ্চিত্র জগতের লোকজন। তাদের বক্তব্য, বিষয়টি অভিষেক বা ঐশ্বরিয়া দুজনেরই পরিষ্কার করে সবাইকে জানানো উচিত।
