২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পোপের সফর ঘিরে তুরস্কে ব্যাপক বিক্ষোভ

পোপের সফর ঘিরে ব্যাপক বিক্ষোভ হয়েছে তুরস্কে। সফর বাতিলের দাবিতে রোববার ২০ হাজারেরও বেশি লোক ইস্তাম্বুলে বিক্ষোভ করে। চার দিনের সফরে মঙ্গলবার পোপ ষোড়শ বেনেডিক্টের তুরস্ক যাওয়ার কথা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 27 Nov 2006, 07:16 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

এদিকে রোববার ভ্যাটিকান নিশ্চিত করেছে, তুরস্ক সফরকালে পোপ বিখ্যাত ‘ব্লু মসজিদ’ পরিদর্শনে যাবেন।

চলতি বছরের সেপ্টেম্বরে ইসলাম সম্পর্কে পোপ বেনেডিক্টের এক মন্তব্য মুসলমানদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার করে। সে ঘটনায় পরে অবশ্য পোপ দুঃখ প্রকাশ করেন। কিন্তু ক্ষমা না চাওয়ায় মুসলমানদের ক্ষোভ প্রশমন হয়নি।

পোপের সফরের ঠিক আগে ইস্তাম্বুলে রোববারের বিক্ষোভের ডাক দেয় ‘ক্রুসেডার বিরোধী জোট’। বিভিন্ন ইসলামি দলগুলো এ জোটের অন্তর্ভুক্ত। শান্তিপূর্ণ এ বিক্ষোভে অংশ নেয়া সবার মুখে স্লোগান ছিল-‘পোপ, তুমি তুরস্কে এসো না’। তারা এ দাবি সম্বলিত ফেস্টুন ও প্ল্যাকার্ডও বহন করে।

বিক্ষোভে অংশ নেয়া হুসাইমাতিন আইকান নামে এক ছাত্র বলেন, ‘যখন আমার নবীকে কটাক্ষ করা হয়, তখন আমি চুপ থাকতে পারি না।’ তার অভিযোগ, ইউরোপে ইসলামের বিস্তার ঠেকানোর জন্যই বর্তমান পোপকে নির্বাচিত করা হয়। কেননা, ষোড়শ বেনেডিক্ট প্রচণ্ড রকম ইসলাম বিরোধী।

স্থপতি ফারদি বোরেচ্চি বলেন, ‘ইসলামের অবমাননাকারী পোপকে মুসলমানরা তাদের মাটিতে দেখতে চায় না’।

মুলত অর্থোডক্স খ্রিস্টানদের নেতা একুমেনিকাল প্যাট্রিক বার্থালমিউর সঙ্গে আলোচনাই পোপ বেনেডিক্টের তুরস্ক সফরের লক্ষ্য। এছাড়া তুরস্কের প্রধানমন্ত্রী তাইফ এদুরগানের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ গুল বলেছেন, আমরা আতিথেয়তায় ত্রুটি রাখব না। পোপের এ সফর মুসলমান ও খ্রিস্টানদের মধ্যকার ভুল বোঝাবুঝির অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

ভ্যাটিকানের মুখপাত্র ফাদার ফ্রেডরিকো লম্বার্ডি রোববার বলেছেন, তুরস্ক সফরকালে ‘ব্লু মসজিদ’ সফরের যে কথা শোনা গিয়েছিল, তা এখন নিশ্চিত।

এর আপে পোপ দ্বিতীয় জন পল ২০০১ সালে সিরিয়ায় একটি মসজিদ পরিদর্শন করেন। আর পোপ বেনেডিক্টের ক্ষেত্রে এটাই হবে প্রথম কোনো সমজিদ পরিদর্শন।