২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিলামে উঠছে ডিমসহ ডাইনোসরের বাসা

নিলামে উঠছে সাড়ে ছয় কোটি বছর ধরে বিস্ময়করভাবে টিকে যাওয়া ডিমসহ একটি ডাইনোসরের বাসা। লস এঞ্জেলেসে রবিবার এ নিলাম অনুষ্ঠিত হবে। ভাঙ্গা ডিমের ভেতর ছোট্ট কঙ্কালসহ ফসিল হয়ে যাওয়া ডাইনোসরের ওই প্রায় অক্ষত বাসাটি অত্যন্ত চড়া দামেই বিকোবে বলে আশা করছেন বিক্রেতারা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 Nov 2006, 03:55 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

নিলামঘর ‘বনহামস এন্ড বাটারফিল্ডস’ এর প্রাকৃতিক ইতিহাস বিষয়ক পরামর্শক-পরিচালক টমাস লিন্ডগ্রেন জানান, সম্ভবত পৃথিবীর সবচেয়ে চমৎকার ডাইনোসরের বাসাগুলির একটি এটি। কারণ এর ভাঙ্গা ডিমগুলির ভেতরে এখনও আস্ত কঙ্কাল রয়ে গেছে। কঙ্কালগুলির অবয়ব দেখে মনে হয় যে আর অল্পদিনের মধ্যেই ডিম ফুটে বের হওয়ার কথা ছিল বাচ্চা ডাইনোসরের।

লিন্ডগ্রেন জানান, ১০টি পূর্ণাঙ্গ ভ্রূণসহ ২২টি ডিমের ওই বাসাটি চীনের একটি অঞ্চলে বেলেপাথরের খাঁজের মধ্যে ফসিল অবস্থায় খুঁজে পান বিজ্ঞানীরা। দীর্ঘ ২০ বছর ধরে এশিয়ার বেসরকারী পর্যায়ের কয়েকজন সংগ্রাহকের সংগ্রহে ছিল প্রাকৃতিক বিজ্ঞানের এ বিস্ময়কর নিদর্শন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের একজন সংগ্রাহক এ গুলো কিনে নেন।

সাধারণভাবে ডাইনোসর হিসেবে পরিচিত ওই সরীসৃপের ৬ থেকে ৮টি গোত্রের মধ্যে এ বাসাটির ডাইনোসরের সঠিক গোত্র পরিচয় বের করার জন্য ইতিমধ্যেই হাজার হাজার ডলার খরচ করেছেন গবেষকরা। আগামী বছর একটি গবেষণাপত্রে এ বিষয়ক বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে বলেও আশা করা হচ্ছে।

লস এঞ্জেলেসের নিলামটিতে ওই বাসাটি ছাড়াও প্রাগৈতিহাসিক কালের বেশ কিছু ডাইনোসরের হাড়গোর, দাঁত, বাসার ভগ্নাংশ ইত্যাদিও বিক্রি হবে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে বেশ চড়া দামে বিকোচ্ছে ডাইনোসরের ফসিল। এশিয়ার বেশ কটি দেশ প্রাকৃতিক ইতিহাসের জাদুঘর বানানোর পরিকল্পনা করছে বলে এ বাজার আরও চাঙ্গা বলে ধারণা করা হচ্ছে।