হারিরি হত্যাকান্ডের বিচারে আন্তর্জাতিক আদালত গঠনের অনুমোদন
সাবেক প্রধানমন্ত্রী রফিক আল-হারিরির হত্যাকান্ডের বিচারের জন্য বিশেষ একটি আন্তর্জাতিক আদালত গঠনের পরিকল্পনা শনিবার অনুমোদন করেছে লেবানন সরকার।
দেশটির ১২৩টি আসন বিশিষ্ট পার্লামেন্টের ভোটাভুটিতে সাধারণ সংখ্যাগরিষ্ঠা পেলেই পরিকল্পনাটি বাস্তবায়িত হবে। এই আদালত গঠন নিয়ে পশ্চিমাদের সমর্থনপুষ্ট প্রধানমন্ত্রী ফুয়াদ সিনিওরার সরকার ও সিরিয়াপন্থী বিরোধী দল হিজবুল্লাহর মধ্যে বিতর্ক চলে আসছিল।
গত মঙ্গলবার সিরিয়া-বিরোধী শিল্পমন্ত্রী পিয়ের জেমাইল খুন হওয়ায় দুপক্ষের মধ্যে উত্তেজনা তীব্র রুপ নেয়।
শনিবার কঠোর নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর তথ্যমন্ত্রী ঘাজি আরিদি বলেন, ‘বিশেষ একটি আদালত গঠনের জন্য জাতিসংঘ ও লেবানন সরকারের মধ্যে যে সমঝোতা হয়েছিল তা অনুমোদন করেছে কেবিনেট।’
লেবাননের বিচারকরা হারিরি হত্যাকান্ডের বিচার করতে সক্ষম নয়-জাতিসংঘের মহাসচিব কফি আনানের কাছে পাঠানো সিনিওরার এমন একটি চিঠির পর লেবানন সরকারের সাথে আলোচনা করে জাতিসংঘ এ আদালত গঠনের পরিকল্পনা করে। তবে কোথায় এ আদালত বসবে তা এখনও জানা যায়নি।
সিরিয়াপন্থী লেবাননের প্রেসিডেন্ট এমিল লাহুদ কেবিনেটের এ অনুমোদনকে সংবিধান পরিপšী’ বলে উল্লেখ করেছেন। এদিকে সিরিয়া আন্তর্জাতিক আদালতকে কোন সহযোগিতা করবে না জানিয়ে শুক্রবার বলেছে, তাদের সঙ্গে এই আদালত গঠনের ব্যাপারে কোন পরামর্শ করা হয়নি।
হারিরি এবং জেমাইল হত্যাকান্ডে সিরিয়ার হাত আছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে দেশটি এই সন্দেহ অমূলক বলে উড়িয়ে দিয়েছে।
