ইরাকে ২২ গেরিলা নিহত, অস্ত্র উদ্ধার
ইরাকে মার্কিন সেনাদের গুলিতে শনিবার ২২ গেরিলা নিহত হয়েছে। মার্কিন সেনাবাহিনীর বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এদিকে পরপর দুই দিন ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণ ও মর্টার হামলার পর বাগদাদে জারি করা সান্ধ্য আইন শনিবার পর্যন্ত বাড়ানো হয়েছে।
বাগদাদের উত্তরে তাজি এলাকায় মার্কিন বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয় ১০ গেরিলা। সংঘর্ষ চলাকালে আরো এক ইরাকি তরুণ নিহত ও সন্তানসম্ভবা এক নারী আহত হয় বলে মার্কিন বাহিনী স্বীকার করেছে।
মার্কিন বাহিনী জানায়, সুন্নি অধ্যুষিত ওই এলাকায় একটি কারখানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রকেট চালিত গ্রেনেড, মেশিনগান, বিমান বিধ্বংসী কামানও রয়েছে।
পৃথক ঘটনায় বাগদাদের উপকণ্ঠে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে যাওয়ার পথে মার্কিন সেনাদের গুলিতে ১২ গেরিলা নিহত হয়।
বাগদাদে সান্ধ্য আইন শনিবারও জারি থাকবে বলে ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, সান্ধ্য আইন জারি থাকাকালে রাস্তায় গাড়ি চলাচল নিষিদ্ধ থাকবে।
