সঞ্জয় দত্তের রায় কয়েকদিনের মধ্যেই
কমেডি ছবি ‘লাগে রাহো মুন্নাভাই’ যখন সারা ভারতে দর্শক মাতাচ্ছে তখন এর প্রধান চরিত্র সঞ্জয় দত্তকে মুখোমুখি হতে হচ্ছে কঠিন বাস্তবতার। ১৯৯৩ সালে মুম্বাই বোমা হামলায় তার জড়িত থাকার মামলায় রায় দেওয়া হতে পারে আগামী সপ্তাহে।
সরকারি কৌঁসুলি উজ্জ্বল নিকাম জানান, ১৯৯৩ সালে মুম্বাইয়ে সিরিজ বোমা বিস্ফোরনে ২৫৭ জন নিহত এবং কয়েকশ ব্যক্তি আহত ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সঞ্জয়সহ ৯ ব্যক্তির ব্যাপারে আদালত সোমবার রায় দেয়া শুরু করবেন। তবে পরদিন মঙ্গলবার সঞ্জয়ের ব্যাপারে রায় হওয়ার কথা।
তিনি জানান, সঞ্জয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র, অবৈধ অস্ত্র রাখা এবং তথ্যপ্রমাণ নষ্ট করার চেষ্টাসহ পাঁচটি অভিযোগ রয়েছে। তবে দোষী প্রমাণিত হলে সঞ্জয়ের কি ধরনের শাস্তি হতে পারে সে ব্যাপারে মন্তব্য করতে তিনি রাজি হননি।
ওই বোমা হামলার ঘটনায় আদালত ১২৩ জনের মধ্যে এখন পর্যন্ত ৮৩ জনকে দোষীসাব্যস্ত করেছে যাদের অধিকাংশই মুসলমান। হামলার পিছনে মূলহোতা হিসেবে অভিযুক্ত করা হচ্ছে দাউদ ইব্রাহিমকে। তিনি এখন পাকিস্তানে আছেন বলে ধারনা করা হচ্ছে।
৪৭ বছর বয়সী সঞ্জয় বরাবরই নিজেকে নির্দোষ দাবি করে আসছেন। তদন্ত চলাকালে এক বছরেরও বেশি কারাভোগ করে তিনি জামিন লাভ করেন। টেলিভিশন চ্যানেলগুলোকে তিনি বলেন, ‘আমার খুব নার্ভাস লাগছে। তবে আদালত যে রায়ই দিক না কেন আমি তা মেনে নেব।”
