সনির সাইবার-শট ডিজিটাল ক্যামেরায় ত্রুটি
উষ্ণ ও জলীয়বাষ্পপূর্ণ পরিবেশে সনির সাইবার-শট ডিজিটাল ক্যামেরা ঠিকভাবে কাজ নাও করতে পারে। কোম্পানি এই ত্রুটির কথা স্বীকার করে বলেছে, কোন ক্যামেরার এরকম সমস্যা হলে বিনামূল্যে সেটি মেরামত করে দেওয়া হবে।
এক বিবৃতিতে সনি জানায়, ২০০৩ সাল থেকে ২০০৫ পর্যন্ত তারা এ ধরণের ক্যামেরার যে ৮টি মডেল বাজারে ছাড়ে তার লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে'তে ইমেজ ঠিকভাবে নাও দেখা যেতে পারে। ছবিও নাও উঠতে পারে।
ইতোমধ্যেই এই মডেলের ১০ লাখেরও বেশি ক্যামেরা বিক্রি হয়েছে। সনি বলছে, এর মধ্যে কেবল ৪ হাজারটি হয়তো মেরামত করতে হতে পারে। গত বছরের অক্টোবরে অন্যান্য মডেলের ডিজিটাল ও ভিডিও ক্যামেরাতেও একইধরণের
ক্রটি আবিস্কার করে কোম্পানিটি।
বিশ্বখ্যাত এই ইলেকট্রনিক্স কোম্পানি ইতোমধ্যেই বাজার থেকে কোটি-কোটি কম্পিউটার ব্যাটারি প্রত্যাহার করে নিয়ে ত্রৈমাসিক হিসাবে লোকসানের মুখে পড়েছে। তবে কোম্পানি আশা করছে, ক্যামেরার এই ত্রুটি তাদের ব্যবসার উপর প্রভাব ফেলবে না।
