২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে নিহতদের অন্ত্যেষ্টিক্রিয়ায় ইরাকিদের ভিড়, সান্ধ্য আইন জারি

ইরাকে যুক্তরাষ্ট্রের অভিযান শুরুর পর এ পর্যন্ত সবচেয়ে রক্তক্ষয়ী হামলায় নিহত ১৬০ জনের অন্ত্যেষ্টিক্রিয়ার আগে শুক্রবার ক্ষুব্ধ ইরাকিরা বাগদাদের সদর সিটিতে ভিড় জমান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Nov 2006, 03:07 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

ওই ঘটনার পর পাল্টা সংঘাতের আশঙ্কায় শুক্রবার বাগদাদে অনির্দিষ্টকালের জন্য সান্ধ্য আইন জারি করা হয়।

বৃহস্পতিবার গাড়ি বোমা হামলায় মৃতের সংখ্যা ছিল ১৬০। তবে ওই ঘটনার পর রাতভর বিচ্ছিন্ন হামলায় নিহতদের সংখ্যা বেড়ে মোট ২০২ জনে দাঁড়ায় বলে পুলিশ জানায়। এসব ঘটনায় আহত হয় আরও প্রায় আড়াইশ’ জন।

শুক্রবার শোকাহত শত শত ইরাকি হামলাকারীদের বিরুদ্ধে স্লোগান দিয়ে নিহতদের শবাধারবাহী গাড়ির পেছনে মিছিল করে পবিত্র শহর নাজাফের পথে রওয়ানা হন। সেখানে একটি প্রাচীন কবরস্থানে তাদের সমাধিস্থ করা হয়।

বাগদাদে সান্ধ্য আইন জারির পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে বিমান বন্দর। এছাড়া, তেল সমৃদ্ধ বসরা শহরের বিমান এবং সমুদ্রবন্দরগুলো নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখা হয়েছে বলে এক সরকারি কর্মকর্তা জানান।

সন্ধ্য আইন থাকায় নিরাপত্তা বাহিনীর সদস্য এবং শোকাহত ইরাকিরা ছাড়া শুক্রবার আর কাউকে রাস্তায় চলাচল করতে দেখা যায়নি।

ধারণা করা হচ্ছে, সন্দেহভাজন সুন্নি গেরিলারা এই আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালিয়েছে। পরপর কয়েক দফায় এই হামলা চালানো হয়। শিয়া অধ্যুষিত সদর সিটিতে ওই রক্তক্ষয়ী হামলার পরপরই বাগদাদে সুন্নি বসতিতে মর্টার হামলা চালানো হয় কার্যত পাল্টা হামলা হিসেবে। সদর সিটিতে অবস্থিত শিয়া নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ে সন্দেহভাজন একদল বন্দুকধারী হামলা চালালে শিয়ারা ক্রমাগত মর্টার ছুঁড়ে এর পাল্টা জবাব দেয়।

তবে ইরাকি ও মার্কিন নেতারা এসব হামলার জন্য আল কায়েদা ও সাবেক প্রেসিডিন্ট সাদ্দাম হোসেনের উগ্র সমর্থকদের দায়ি করে বলছেন, সৃষ্ট গোলযোগ থেকে লাভবান হতেই তারা শিয়াদের পাল্টা হামলা চালাতে উৎসাহিত করছে।

যুক্তরাষ্ট্র সমর্থিত জাতীয় ঐক্যের ভিত্তিতে গঠিত ইরাকি সরকার দ্বন্ধ-সংঘাত জর্জরিত দেশটির আইন-শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি এবং এই সঙ্কট থেকে উত্তরণে যখন পথ খুঁজছে ঠিক তখনই এই হামলা হলো।

প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি নিরাপরাধ মানুষের রক্ত ঝরানোর পেছনে দায়ি ব্যক্তিদের ষড়যন্ত্র সম্পর্কে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এদেরকে অবশ্যই খুঁজে বের করা হবে।

ওই ঘটনার পর শীর্ষ শিয়া, সুন্নি ও কুর্দি রাজনীতিকরা এক যৌথ বিবৃতিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

এরপরও ধৈর্যচ্যুত না হতে শিয়া-সুন্নি উভয় পক্ষের প্রতি সরকার আহ্বান জানালেও দেশটিতে সর্বাত্মক গৃহ যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটিতে ইরাক বিষয়ক বিশেষজ্ঞ টোবি ডজ ফেব্রুয়ারিতে শিয়াদের পবিত্র শহর সামারায় চালানো হামলার সাথে এ হামলার সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেন।

তিনি বলেন, “পাল্টা হামলাকে বিশেষভাবে উৎসাহিত করতে এ হামলা চালানো হয়।”