বাগদাদে মন্ত্রণালয়ে হামলা, সদর সিটিতে গাড়ি বোমায় নিহত ২৫
বাগদাদে ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ে বৃহস্পতিবার হামলা চালিয়েছে বন্দুকধারীরা।
এদিকে সদর সিটিতে পরপর তিনটি গাড়ি বোমা বিস্ফোরণ ও মর্টার হামলায় কমপক্ষে ২৫ জন নিহত ও ৭৫ জন আহত হয়েছে।
স্বাস্থ্য উপমন্ত্রী হাকিম আল জামিলি রয়টার্সকে বলেন, বাব আল মুয়াধাম এলাকা থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় ভবন লক্ষ করে প্রায় ৩০ জন বন্দুকধারী মর্টার ও মেশিন গাানের গুলি চালায়। ওই সময় মন্ত্রণালয়ের যে কেই বের হলেই মারা যেতে পারত। হামলাকারীদের স্পষ্ট দেখা গেছে বলে তিনি জানান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, প্রায় ৩০ জন বন্দুকধারীরা মন্ত্রণালয় ঘিরে এ হামলা চালায়। তবে নিরাপত্তা রক্ষীরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা পিছু হটে। এ সময় সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে বলেও তিনি জানান।
তবে হাকিম আল জামিলি অভিযোগ করেছেন, হামলার কথা সঙ্গে সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে জানানো হলেও তাদের দিক থেকে তেমন সাড়া মেলেনি।
কয়েকদিন আগে জামিলির গাড়ি বহরে হামলা চালায় বন্দুকধারীরা। ওই ঘটনায় তার দুই দেহরক্ষী নিহত হয়। এর দুই দিন আগেই অপর স্বাস্থ্য উপমন্ত্রী আমার আল সাফার বাগদাদে নিজ বাসা থেকে অপহৃত হন।
সদর সিটিতে তিনটি গাড়ি বোমা বিস্ফোরণ ও একটি মর্টার হামলায় ২৫ জন নিহত হওয়ার কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র। সূত্রটি জানায়, প্রায় একই সময় পৃথক চার স্থানে ঘটনাগুলো ঘটে।
