শ্রীলংকায় সেনা-টাইগার ভয়ানক লড়াই
শ্রীলংকার পূর্ব উপকূলে ভয়ানক সংঘর্ষে জড়িয়ে পড়েছে সেনাবাহিনী ও তামিল টাইগাররা। এতে আট সেনা সদস্যের আহত হওয়ার খবর পাওয়া গেলেও টাইগারদের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
এলটিটিই অভিযোগ করেছে, বাত্তিকালোয়া জেলায় ‘নো ম্যান্স ল্যান্ড’ এলাকায় সেনাবাহিনী আকস্মিকভাবে ট্যাঙ্ক ও সাঁজোয়া যান নিয়ে অভিযান শুরু করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। তবে সেনাবাহিনীর দাবি, টাইগাররাই প্রথম গোলাগুলি শুরু করে।
এদিকে পৃথক ঘটনায় পূর্বাঞ্চলের আমপারা জেলায় টাইগারদের চোরাগুপ্তা হামলায় তিন পুলিশ নিহত হয়েছে বলে কর্মকর্তারা দাবি করছেন।
এলটিটিই’র সামরিক মুখপাত্র রাসিয়া ইলামথিরায়ান টাইগার অধ্যুষিত কিলিনচ্চি জেলা থেকে রয়টার্সকে টেলিফোনে বলেন, সংঘর্ষ চলছে। সেনাবাহিনী ট্যাঙ্ক ও সাঁজোয়া যান নিয়ে নো ম্যান্স ল্যান্ডে অবস্থান নিয়েছে। আমাদের এলাকায়ও ঢুকতে চাচ্ছে তারা।
তবে সেনাবাহিনী নো ম্যান্স ল্যান্ডে ঢোকার কথা অস্বীকার করে পাল্টা অভিযোগ করেছে, টাইগাররাই আমাদের ওপর প্রথমে মর্টার হামলা শুরু করে। এর জবাবে টাইগারদের আস্তানা লক্ষ করে বিমান হামলা চালানো হয় বলে এক জন সেনা মুখপাত্র জানান।
সেনাবাহিনী ও টাইগারদের নতুন করে সংঘর্ষে জড়িয়ে পড়ার ঘটনায় শান্তি প্রক্রিয়া নিয়ে সবার মধ্যে উদ্বেগ ক্রমেই বাড়ছে। এ প্রসঙ্গে নির্দলীয় ন্যাশনাল পিস কাউন্সিলের জেহান পেরেরা বলেন, সংঘর্ষের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। টাইগারদের পক্ষের আলোচক আন্তন বালাসিঙ্গম না থাকায় শান্তি আলোচনা এগিয়ে নেয়া যাচ্ছে না। তিনি থাকলে প্রক্রিয়াটি এগিয়ে নিয়ে পারতেন।
বালাসিঙ্গম এখন ক্যান্সারের চিকিৎসার জন্য যুক্তরাজ্য রয়েছেন।
