২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে নিহতের সংখ্যা বাড়ছেই: জাতিসংঘ

ইরাকে অক্টোবর মাসে মারা গেছে ৩,৭০৯ জন। প্রতিদিনের হিসাবে ১২০ জন। আগের মাসগুলোর চেয়ে ছাড়িয়ে গেছে এ সংখ্যা। ভয়ঙ্কর এ চিত্র তুলে ধরে জাতিসংঘের এক রিপোর্টে আরো জানানো হয়েছে, জাতিগত সহিংসতা ও দাঙ্গা ভয়াবহ রূপ নেওয়ায় প্রতি মাসে প্রায় ১০ লাখ লোক পালিয়ে যাচ্ছে ইরাক ছেড়ে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Nov 2006, 01:47 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

বুধবার প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, দেশটি এখন জাতিগত পার্থক্যের ভিত্তিতে বিভক্ত হয়ে যাচ্ছে। সাম্প্রদায়িক সহিংসতা, ইরাকি গেরিলাদের তৎপরতা, বিভিন্ন অপরাধী চক্র এবং নিরাপত্তা বাহিনীর হাতে অক্টোবর মাসে নিহত হয় ৩,৭০৯ জন । সেপ্টেম্বরে নিহত হয়েছিল ৩,৩৪৫।

ইরাকি সরকার অবশ্য বলছে বিশ্ববাসীর সামনে দেশটির ভাবমূর্তি নষ্ট করতে এবং ইরাক সম্পর্কে ভুল ধারনা দিতে জাতিসংঘ নিহতের সংখ্যা বাড়িয়ে বলছে। বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে ইরাকের স্বাস্থ্যমন্ত্রী আলী আল শিমেরি বলেন, ইরাকে নিহতের প্রকৃত সংখ্যা জাতিসংঘের উল্লেখিত সংখ্যার এক-চতুর্থাংশ। জাতিসংঘের কর্মকর্তারা ইরাক সরকারের এই অভিযোগ অস্বীকার করে বলেছেন তাদের দেওয়া নিহতের সংখ্যা সঠিক।

এদিকে, ইরাকি পুলিশ জানিয়েছে বুধবার বাগদাদ থেকে তারা ৫৯টি মৃতদেহ উদ্ধার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আগামী সপ্তাহে ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকির সাথে দেশটির নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সম্ভাব্য করণীয় বিষয় নিয়ে আলোচনা করবেন। ইরাকের সরকারের প্রধান দাবী-ইরাকি বাহিনীর হাতে আরো বেশি নিরাপত্তার দায়িত্ব হস্তান্তর এবং দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী করার বিষয় আলোচনায় প্রাধান্য পাবে বলে ধারনা করা হচ্ছে।