২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ম্যাশ’ খ্যাত পরিচালক রবার্ট অল্টম্যান বেঁচে নেই

জনপ্রিয় টিভি সিরিয়াল ‘ম্যাশ’-এর পরিচালক রবার্ট অল্টম্যান ৮১ বছর বয়সে মঙ্গলবার মারা গেছেন। তার প্রোডাকশন কোম্পানি এ খবর দিয়েছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2006, 05:51 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

অল্টম্যান সিনেমায় নতুন এক ধারার প্রচলন করেছিলেন। ছবি তৈরির অপ্রচলিত ধারা এবং কাহিনী ও চরিত্রগুলোর কর্কশ, রুঢ় ও উদ্ধত রুপ হলিউডের সিনেমা জগতে সৃষ্টি করে নতুন মাত্রা।

সমালোচকরা তার পরিচালিত সিনেমাকে ‘আমেরিকান আর্ট সিনেমা’ বলতেই বেশি ভালোবাসেন।

মানবিক আবেদনে ভরপুর কঠিন বাস্তবতা নির্ভর কমেডি ধাঁেচর ড্রামা সিরিয়াল ম্যাশ তাকে জনপ্রিয় করে তোলে। এই সিরিয়ালটিতে তিনি কোরিয়ান যুদ্ধে সেবাদানরত একটি মেডিকেল টিমের সদস্যদের জীবন ও যুদ্ধ সম্পর্কে গভীর উপলব্ধি, বোধের ভাংচুর, বাস্তবতা ও টানাপোড়েন খুব দক্ষতার সাথে তুলে ধরেন।

এ সিরিয়ালটি ১৯৭০ সালে মুক্তি পায় যা ভিয়েতনাম যুদ্ধে মার্কিন সেনাদের কার্যকলাপের বিরুদ্ধে সাধারণ আমেরিকানদের দৃষ্টি, মনোযোগ ও ক্ষোভ জাগিয়ে তুলতে কাড়তে সক্ষম হয়।

“আমি আসলে সবসময় জীবনে ঘটে যাওয়া ছোটো-বড় ঘটনাগুলোর খোঁজ রাখার চেষ্টা করেছি। মানুষের সরল ও নির্মল আচরণ, সত্যের প্রতি ভালোবাসা আমি তুলে ধরতে চেয়েছি আমার সৃষ্টির ভেতর,” কোনো এক সাক্ষাতকারে বলেছিলেন অল্টম্যান।

চলচ্চিত্র বিশেষজ্ঞ ডেভিড থমসন বলেন, অল্টম্যান চরিত্র চিত্রণের চেয়ে ঘটনার প্রতি মনোযোগী ছিলেন বেশি। মানুষের ছন্দপতন, বিশ্বাস-অবিশ্বাস, প্রত্যাশা ও প্রাপ্তির এমন এক সংমিশ্রণে তিনি জীবনকে ফুটিয়ে তুলতে চেয়েছেন যে জীবন অনেক সময়ই নিজের নিয়ন্ত্রণে থাকেনা।

তার ‘ম্যাশ’, ‘নাশভিল’, ‘ম্যাককাবে এন্ড মিসেস মিলার’ ৭০ দশকের সেরা ছবিগুলোর মধ্যে জায়গা পায়। ‘দ্যা প্লেয়ার’, ‘শর্ট কাটস’ এবং ‘গসফোর্ড পার্ক’র তার অন্য দুটি সেরা ছবি।

এ বছর মার্চে তিনি অ্যাকাডেমি অব মোশন পিকচার্স আর্টস এন্ড সায়েন্সের আজীবন সম্মাননা পুরস্কার লাভ করেন।